আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির বিনোদন অঙ্গনে। কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। এবার এ নিয়ে মুখ খুলেছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত কিংবা অস্বীকার না করে মজার মন্তব্য করেছেন তিনি। তাঁর সেই প্রতিক্রিয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।
ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। পরে মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক মন্তব্য মুহূর্তেই আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
সাবা কামারের বিয়ে নিয়েও গুঞ্জন
-20261115084851.jpg)
একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বর মাসে বিয়ে করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন মাহাদ। এর আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাবা।
কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে রসিকতা করে তিনি বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না। সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন!
নিজের বিয়ে নিয়ে আরও মজা করেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিয়ে সত্যিই হলে অন্তত তাঁকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।
বিয়ের বিষয়ে এখনো নীরব হানিয়া-আসিম

সাবা কামারের মন্তব্যে তাঁর বিয়ের গুঞ্জন অনেকটাই উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে হানিয়া আমিরের প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য। মজার মন্তব্য করলেও আসিম আজহারের সঙ্গে বিয়ের বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই ডিসেম্বরের সম্ভাব্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে তাঁদের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে হানিয়ার রহস্যময় প্রতিক্রিয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা আরও জমে উঠেছে।
কালের আলো/এসএ/জেএন
