বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের অবস্থান আরও এগিয়ে নিতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ভোট ও অর্থ সহায়তা চেয়েছেন তিনি। প্রতিযোগিতার ফ্যান ভোটিং শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন এই সুন্দরী।
ফ্রি ভোটের পাশাপাশি পেইড ভোটের আহ্বান
বর্তমানে পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন মাহি। প্রতিযোগিতার আনুষ্ঠানিক ফ্যান ভোটিং শুরু হওয়ার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটি ভোট, একটি স্বপ্ন, বাংলাদেশের জন্য একসঙ্গে এগিয়ে চলা।’
আন্তর্জাতিক পেমেন্ট কার্ডের জটিলতার কারণে বাংলাদেশের অনেক সমর্থক চাইলেও সরাসরি পেইড ভোট দিতে পারছেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছেন মাহি। প্রথমে ‘MU FAN App’ থেকে বিনা মূল্যে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১০ টাকা থেকে অর্থ সহায়তা
ফ্রি ভোটের পাশাপাশি পেইড ভোটের জন্যও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মাহি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সমর্থকেরা নির্ধারিত বিকাশ নম্বরে ‘সেন্ড মানি’ করে ১০ টাকা থেকে যেকোনো পরিমাণ অর্থ পাঠাতে পারবেন।
পেইড ভোটের ক্ষেত্রে এক ভোটের মূল্য ১০ টাকা এবং ১০ ভোটের মূল্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমর্থকদের কাছ থেকে পাওয়া অর্থ একত্র করে বাংলাদেশের পক্ষে পেইড ভোট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের পতাকা উঁচুতে তোলার স্বপ্ন
দেশবাসীর প্রতি ভালোবাসা ও ঐক্যের আহ্বান জানিয়ে মাহি লিখেছেন, এটি শুধু একজন প্রতিযোগীর জয়ের লড়াই নয়; আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন। সম্মিলিত ভালোবাসা ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেছেন তিনি। সবার সহযোগিতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা করছেন এই সুন্দরী।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানে হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মাহির এই যাত্রায় এখন দেশের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সমর্থনই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
কালের আলো/এসএ/জেএন
