Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:০৫ পিএম

রামিসা হত্যা মামলায় দুই আসামির ডেথ রেফারেন্স শুনানি

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০১:০৫ পিএম

রামিসা হত্যা মামলায় দুই আসামির ডেথ রেফারেন্স শুনানি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে হাইকোর্টে। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে আদালতে শুনানি হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান খান।

একই ভবনে থাকতেন ভুক্তভোগী ও আসামিরা
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন মামলার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

দ্রুত তদন্ত ও বিচার শেষ
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে মামলার প্রধান আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে ও স্বপ্না খাতুনকে কারাগারে পাঠানো হয়।

২৫ মে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। একই দিন মামলাটি পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।

হত্যার ১৯ দিনের মাথায় মৃত্যুদণ্ডের রায়
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় রায়টি দেওয়া হয়।

রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, তাঁদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হয়।

এ ছাড়া সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। রায়ে আরও বলা হয়, জরিমানার অর্থ পরিশোধ করা না হলে কালেক্টরেট অফিস আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে পারবে।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। এ জন্য দুই আসামির মৃত্যুদণ্ডসংক্রান্ত ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি তাঁরা নিজেদের সাজা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জেল আপিল করেন।

সেই আপিল ও ডেথ রেফারেন্সের ওপরই বর্তমানে শুনানি চলছে। হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!