২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হতে পারে আগামী জানুয়ারি থেকে। আবেদনপ্রক্রিয়া শেষে ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য পরীক্ষার তারিখ সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার (৯ নভেম্বর) ইউজিসিতে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেসব সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
রমজান ও শিক্ষার্থীদের সুবিধায় সময়সূচি সমন্বয়
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখে যেন সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সেটিই কমিশনের লক্ষ্য।
ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও উপাচার্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে।
পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলের পর ভর্তি
সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি নিয়েও আলোচনা হয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর উত্তীর্ণ হয়েছে ছয় লাখের কিছু বেশি।
ইউজিসি চেয়ারম্যান জানান, এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষা নেওয়ার উদ্যোগ চলছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বছর এমসিকিউ, পরের বছর প্রশ্নপদ্ধতিতে পরিবর্তনের ভাবনা
চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রশ্নপদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে ইউজিসি।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সেই বিষয়ে তাঁর মৌলিক জ্ঞান ও সামর্থ্য মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া দরকার।
এ কারণে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি যোগ্যতায় জিপিএ বিবেচনার আহ্বান
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনা করতে উপাচার্যদের অনুরোধ জানিয়েছে ইউজিসি। এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন।
কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।
উচ্চশিক্ষায় আসন ১৭ লাখের বেশি
দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে চার লাখের বেশি আসন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।
উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কালের আলো/এসএ/জেএন
