২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারি থেকে। আবেদনপ্রক্রিয়া শেষে ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ করা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষার তারিখে সংঘাত এড়াতে সমন্বয়
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখে যেন সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সেটিই ইউজিসির লক্ষ্য।
সভায় ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও উপাচার্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করবে।
পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার পর ভর্তি কার্যক্রম
সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চলতি বছর এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি।
ইউজিসি চেয়ারম্যান জানান, এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর জন্য খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বছর এমসিকিউ, পরের বছর বিশ্লেষণধর্মী প্রশ্ন
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতাও যাচাই করা প্রয়োজন। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সেই বিষয়ে তাঁর মৌলিক জ্ঞান ও সামর্থ্য মূল্যায়নে গুরুত্ব দেওয়া দরকার।
এ কারণে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তির যোগ্যতায় জিপিএ বিবেচনার আহ্বান
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানিয়েছে ইউজিসি। এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরা হয়।
কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।
কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে।
উচ্চশিক্ষায় আসন ১৭ লাখের বেশি
দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে চার লাখের বেশি আসন। এ অবস্থায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে; কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না। তিনি আশা প্রকাশ করেন, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
