Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:০২ পিএম

মেসির ফুটবল ক্যারিয়ার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী স্কালোনির

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:০২ পিএম

মেসির ফুটবল ক্যারিয়ার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী স্কালোনির

ফুটবল থেকে বিদায়ের নির্দিষ্ট কোনো বয়স আছে কি না, তা নিয়ে আলোচনা নতুন নয়। তবে লিওনেল মেসির ক্ষেত্রে বয়সের হিসাব যেন একটু আলাদা। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ফুটবলার হিসেবে এখনই থামতে চান না আর্জেন্টিনার এই মহাতারকা। এমনকি ২০৩০ সালের পরও তাঁকে মাঠে দেখা যেতে পারে বলে বিশ্বাস করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের খেলা চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ সালের শেষ প্রীতি ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু আমি চাই, একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’

মেসিকে ড্রেসিংরুমে অন্য ভূমিকায় চান স্কালোনি
মেসিকে শুধু মাঠের খেলোয়াড় হিসেবেই নয়, ভবিষ্যতে আর্জেন্টিনার ড্রেসিংরুমে অন্য কোনো ভূমিকাতেও দেখতে চান স্কালোনি। এ সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ার গড়তে যাওয়ার প্রসঙ্গ টেনে মজা করে স্কালোনি বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টারও এখানে নেই...।’

হাস্যরসের ছলে কথাটি বললেও মেসির প্রতি স্কালোনির গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি স্পষ্ট। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার যত দিন সম্ভব খেলাটি উপভোগ করুন, সেটিই চান জাতীয় দলের কোচ। মেসির ভবিষ্যৎ নিয়ে স্কালোনির এমন মন্তব্যে তাঁর দীর্ঘ ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চোট কাটিয়ে ফিরছেন মার্তিনেজ
এদিকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে ফিরতে যাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। চোয়ালের গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন এই গোলরক্ষক। গত ১৬ অক্টোবর এভারটনের ডিফেন্ডার জারাড ব্র্যানথওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান তিনি। পরে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে।

অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলনে ফিরেছিলেন মার্তিনেজ। তবে ৮ নভেম্বর সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির একাদশে তাঁকে রাখা হয়নি। তখন কোচ জাবি আলোনসো জানিয়েছিলেন, মার্তিনেজকে খেলানো হলে তা খুব তাড়াহুড়ো ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতো। এবার অবশ্য আর্জেন্টিনার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। সোমবার ইনস্টাগ্রামে অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেন এই গোলরক্ষক। সেখানে মুখে সুরক্ষামূলক মাস্ক পরেই অনুশীলন করতে দেখা যায় তাঁকে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচেও এই মাস্ক পরে খেলবেন তিনি।

দলে চার-পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে গোলরক্ষক হিসেবে হেরেনিমো রুলির পরিবর্তে মার্তিনেজকে খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। শুধু গোলরক্ষক নয়, একাদশে আরও কয়েকটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টাইন কোচ। গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর দল সাজানোর পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। স্কালোনির ভাষ্য, শেষ অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে প্রাথমিকভাবে চার-পাঁচটি পরিবর্তন আসতে পারে।

মেসি ও আনহেল দি মারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে নতুনদের সুযোগ দিতে চান স্কালোনি। তবে তাঁদের শূন্যস্থান পূরণ করা যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন তিনি। স্কালোনি বলেন, আগের চক্রের তুলনায় বর্তমানে দলের ভিত্তি আরও শক্ত হলেও মেসি ও দি মারিয়ার মতো খেলোয়াড়দের জায়গা নেওয়া কারও পক্ষে সম্ভব নয়। তাঁরা বিশ্বসেরাদের কাতারে ছিলেন। তবে দীর্ঘদিন দলের সঙ্গে থাকতে পারবেন, এমন তরুণ খেলোয়াড়দের গড়ে তুলে সেই শূন্যতা পূরণের চেষ্টা করতে চান তিনি।

কোস্টারিকার কোচের দায়িত্বে রয়েছেন দেশটির সাবেক তারকা ব্রায়ান রুইজ। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ম্যাচটি। ২০২৬ সালে আর্জেন্টিনার এটিই শেষ ম্যাচ। তাই বছরের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে মাঠ ছাড়তে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

কালের আলো/এসএ/টিসি

Link copied!