ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অভিনব কৌশলে প্রতারণা করছে একটি চক্র। কখনো পুলিশ, ডিবি বা র্যাব সদস্য পরিচয়ে গ্রেপ্তার ও জিম্মির ভয় দেখানো হচ্ছে, আবার কখনো হাসপাতালে ভর্তি বা দুর্ঘটনার খবর দিয়ে স্বজনদের আতঙ্কিত করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের কণ্ঠস্বর নকল করে পরিবারের সদস্যদের কাছে কান্নার শব্দও শোনানো হচ্ছে। এরপর অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর চাপ দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০টি পরিবারের এমন অভিজ্ঞতার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ প্রতারকদের কৌশল বুঝতে পেরে রক্ষা পেয়েছেন, আবার কেউ তাঁদের ফাঁদে পড়ে অর্থ হারিয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রতারকদের কাছে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, বিভাগ, হল এবং পরিবারের সদস্যদের ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তথ্য কীভাবে অপরাধীদের হাতে পৌঁছাচ্ছে এবং সেগুলোর নিরাপত্তা কতটা নিশ্চিত?
এআই কণ্ঠে বাবার গলা নকল, মেয়েকে প্রতারণার চেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমা জেসমিন স্বর্ণার কাছে আসা ফোনকলের শুরু হয় টাকা লেনদেনের কথা দিয়ে। তাঁকে জানানো হয়, তাঁর বাবা ২৫ হাজার টাকা পাঠাবেন। সেখান থেকে ১০ হাজার টাকা একটি নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্বর্ণা বাবার সঙ্গে কথা বলতে চান। তখন ফোনের অপর প্রান্ত থেকে অবিকল তাঁর বাবার কণ্ঠস্বর শোনানো হয়। স্বর্ণার ভাষ্য অনুযায়ী, কণ্ঠস্বর শুনে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তবে কথাবার্তায় সন্দেহ হওয়ায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
একই সময়ে স্বর্ণার বাবাকেও ফোন করে মেয়েকে জিম্মি করার ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা দাবি করে চক্রটি। পরে র্যাব সদস্য পরিচয়ে লাশ ফেলার হুমকিও দেওয়া হয়। দ্রুত বাবা-মেয়ের মধ্যে যোগাযোগ হওয়ায় তাঁরা প্রতারণার ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
‘ছেলে গ্রেপ্তার’ বলে ৪২ হাজার টাকা হাতিয়ে নেয়
২০২০-২১ শিক্ষাবর্ষের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আল মেহরাজ শাহরীয়ার মিথুনের পরিবার অবশ্য প্রতারকদের ফাঁদ এড়াতে পারেনি। মিথুনের মাকে ফোন করে প্রথমে তাঁর ছেলের নাম ও অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়। এরপর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানানো হয়, মিথুনকে গ্রেপ্তার করা হয়েছে। টাকা না দিলে তাঁর পরিণতি হবে ‘ক্রসফায়ার’।
এরপর ফোনে এআই দিয়ে তৈরি মিথুনের নকল কণ্ঠে কান্নার শব্দ শোনানো হয়—‘আম্মু, আমাকে বাঁচাও!’ সন্তানের বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর মা। প্রতারকরা ফোন না কেটে তাঁকে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে।
একপর্যায়ে দোকান থেকে ৪০ হাজার টাকা পাঠান মিথুনের মা। এরপর আরও দুই হাজার টাকা দাবি করে চক্রটি। সব মিলিয়ে ৪২ হাজার টাকা নেওয়ার পর ফোন কেটে দেওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলে প্রতারণার বিষয়টি জানতে পারেন তিনি।
হল ও বিভাগের তথ্যও জানে প্রতারকরা
প্রতারকদের কাছে শিক্ষার্থীদের শুধু নাম ও ফোন নম্বরই নয়, তাঁরা কোন হলে থাকেন এবং কোন বিভাগে পড়েন, সেই তথ্যও রয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী আলামিনের পরিবারের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে। শাহবাগ থানার পুলিশ পরিচয়ে এক ব্যক্তি তাঁর বাড়িতে ফোন করেন। আলামিনের নাম-ঠিকানার পাশাপাশি তিনি কোন হলে থাকেন এবং কোন বিভাগে পড়েন, সেসব তথ্যও নির্ভুলভাবে জানানো হয়। এরপর মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।
ফোনের অপর প্রান্তে কান্নার শব্দ শুনে আলামিনের বাবা ধারণা করেন, তাঁর ছেলেকে মারধর করা হচ্ছে। তবে সময়মতো অন্য স্বজনের মাধ্যমে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারায় বড় অঙ্কের টাকা খোয়ানোর হাত থেকে রক্ষা পায় পরিবার।
দুর্ঘটনার খবর দিয়ে এআই কণ্ঠে কান্না
২০২২-২৩ শিক্ষাবর্ষের চায়নিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অঙ্কিতা মোহন্ত অঙ্কের পরিবারের সঙ্গেও একই কৌশলে প্রতারণার চেষ্টা করা হয়। জয়পুরহাটে তাঁর মাকে ফোন করে জানানো হয়, মেয়ে দুর্ঘটনায় পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে দ্রুত ঢাকায় আসতে বলা হয়।
এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে অঙ্কিতার নকল কণ্ঠে ‘বাঁচাও, মরে যাচ্ছি’ বলে কান্নার শব্দ শোনানো হয়। তবে অন্য স্বজনদের মাধ্যমে মেয়ের সুস্থতার খবর নিশ্চিত হতে পেরে প্রতারণার ফাঁদে পড়েননি তাঁর মা।
অঙ্কিতার দাবি, তাঁর মায়ের ফোন নম্বরটি শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাগজে দেওয়া হয়েছিল। অন্য কোথাও নম্বরটি ব্যবহার করা হয়নি। এমনকি ওই নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্টও খোলা হয়নি। তাঁর ধারণা, প্রতারকদের কাছে শুধু পরিবারের ব্যক্তিগত তথ্যই নয়, তিনি তখন ঢাকায় অবস্থান করছেন কি না, সে সম্পর্কেও তথ্য ছিল।
চার ধাপে ফাঁদে ফেলে প্রতারক চক্র
অনুসন্ধানে প্রতারণার একটি নির্দিষ্ট কৌশল উঠে এসেছে। প্রথমে শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের নাম-পরিচয়সহ নির্ভুল তথ্য দিয়ে আস্থা তৈরি করা হয়। এরপর পুলিশ, ডিবি, র্যাব কিংবা চিকিৎসকের পরিচয় দিয়ে ভয় দেখানো হয়।
পরবর্তী ধাপে এআই প্রযুক্তির সাহায্যে স্বজনের কণ্ঠস্বর নকল করে আতঙ্ক বাড়ানো হয়। সবশেষে ফোন সচল রেখে দ্রুত টাকা পাঠানোর চাপ দেওয়া হয়, যাতে ভুক্তভোগীরা অন্য কারও সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের সুযোগ না পান।
ডার্ক ওয়েবে ৭৭ শিক্ষার্থীর তথ্য থাকার দাবি
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটের (eco.du.ac.bd) শিক্ষার্থীদের ইমেইল ঠিকানা, ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে গেছে বলে দাবি করেছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই মূলত শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে যাচ্ছে বলে তিনি অনুসন্ধানে দেখেছেন। তাঁর ভাষায়, তথ্যের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। শিক্ষার্থীদের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যাওয়ার অর্থ তাঁদের ব্যক্তিগত তথ্যও ঝুঁকির মধ্যে পড়া।
তিনি আরও বলেন, এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা শিক্ষার্থীদের অভিভাবকদের একধরনের জিম্মি করে অর্থ হাতিয়ে নিতে পারে। এআই দিয়ে কণ্ঠস্বর নকলের বিষয়ে আরিফ মঈনুদ্দীন জানান, এটি কোনো ব্যক্তির আসল কণ্ঠস্বরের হুবহু রেকর্ড নয়। এআই প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর তৈরি ও সংরক্ষণ করা হয়। পরে সেই কণ্ঠস্বর লক্ষ্য ব্যক্তিকে শুনিয়ে প্রতারণার উদ্দেশ্য বাস্তবায়ন করে অপরাধীরা।
তথ্য সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে যা বলছে প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ জানান, ভর্তির সময় শিক্ষার্থীরা নিজেদের তথ্যের পাশাপাশি অভিভাবকদের ফোন নম্বর ও বাড়ির ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে জমা দেন। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এসব তথ্য স্টুডেন্ট ইনফরমেশন ফরমে (এসআইএফ) সংরক্ষণ করা হয়।
প্রথমে ফরমটি শিক্ষার্থীর পছন্দের বিভাগ বা ইনস্টিটিউটে পাঠানো হয়। বিভাগ বা ইনস্টিটিউট প্রধানের স্বাক্ষরের পর তা সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে যায়। সেখান থেকে আবার বিভাগে ফেরত আসার পর পাঠানো হয় ডিন অফিসে। ডিনের স্বাক্ষর শেষে ফরমটি প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায় জমা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ব্যক্তিগত তথ্য মূলত ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট এবং প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায় সংরক্ষিত থাকে। কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, তাঁর কার্যালয়ে এসআইএফ ফরম আসার পর তিনি স্বাক্ষর করেন। সর্বোচ্চ দুই থেকে তিন দিন ফরমগুলো ডিন অফিসে থাকে। এরপর সেগুলো প্রশাসনিক ভবনে পাঠিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষ জানিয়েছেন, তাঁদের বিভাগ বা হলে এসব ফরম সংরক্ষণ করা হয় না। স্বাক্ষর শেষে ফরমগুলো ডিন অফিসে পাঠানো হয়।প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায় কয়েকজন কর্মকর্তার অধীনে এসআইএফ ফরম সংরক্ষিত থাকে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগ ও ইনস্টিটিউটগুলোর ফরমের দায়িত্বে রয়েছেন সহকারী রেজিস্ট্রার বোরহান উদ্দিন। আর বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর ফরমের দায়িত্বে রয়েছেন মাহেরুন খানম। তাঁদের দাবি, রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর তথ্য কাউকে দেওয়া হয় না।
ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট কখনো হ্যাক হয়নি। সেখান থেকে তথ্য ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। অন্য কোনো জায়গা থেকে তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।
অন্যদিকে, শিক্ষার্থীদের তথ্য ফাঁসের বিষয়টি আগে জানা ছিল না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে।
তথ্য ফাঁস ও প্রতারণায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে অর্থ আদায় করা হলে প্রতারকদের অপরাধ এবং তথ্য সংরক্ষণকারী কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা—দুই বিষয়েই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ভুক্তভোগীরা প্রতারকদের ফোন নম্বর, বার্তা, কল রেকর্ডিং ও আর্থিক লেনদেনের প্রমাণসহ থানায় মামলা গ্রহণের আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ফাঁস এবং দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া যাবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
