Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

আমনের ভালো ফলনের আশা, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় ফটিকছড়ির কৃষক

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

আমনের ভালো ফলনের আশা, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় ফটিকছড়ির কৃষক

চট্টগ্রামের ফটিকছড়িতে মাঠজুড়ে এখন আমনের সোনালি ধান। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। পাকা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হওয়ায় এবার ভালো ফলনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। তবে উৎপাদন খরচ বাড়ায় ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে কৃষকদের মধ্যে।

লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমন আবাদ

সরেজমিনে দেখা গেছে, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষকেরা। একসময় গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন আধুনিক যন্ত্রের ব্যবহার বেড়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে। এবার এ উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধান চাষ করেছেন।

দৌলতপুর এলাকার কৃষক মো. শফি বলেন, এবার প্রায় দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন তিনি। ধান কাটার পর দ্রুত ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। এবার ভালো লাভের আশা করছেন তিনি।

ভালো ফলনের আশা, ন্যায্যমূল্য নিয়ে উদ্বেগ

আবাদ ও ফলনের সম্ভাবনা ভালো হলেও উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকেরা। তাঁদের ভাষ্য, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ আগের তুলনায় বেড়েছে। ফলে ভালো ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে।

রোসাংগিরি গ্রামের কৃষক মো. নোয়া মিয়া বলেন, ধানের যথাযথ দাম পাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। সবকিছুর দাম যেভাবে বেড়েছে, সে অনুযায়ী ধানের দাম না পেলে বিনিয়োগের টাকাও উঠে আসবে না। লাভ তো দূরের কথা, লোকসানের আশঙ্কা রয়েছে।

দেশে আমন উৎপাদন বেড়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদনবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।

এদিকে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কয়েক দিনের মধ্যে শেষ হবে ধান কাটা

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, এবার উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধান চাষ করেছেন। তাঁদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। কয়েক দিনের মধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন তাঁরা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!