নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের নতুন আলু তোলা শুরু করেছেন কৃষকরা। ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে পরিপক্ব হওয়া ‘সেভেন’ জাতের আলু খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও কৃষকরা কেজিপ্রতি ৫২ থেকে ৬২ টাকা পর্যন্ত দাম পাচ্ছেন। নতুন আলুর ভালো বাজারদরে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, গত বছরের লোকসানের অভিজ্ঞতা থেকে এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন উপজেলার অনেক কৃষক। বৃষ্টির আশঙ্কা থাকলেও আশ্বিন মাসের শুরুতে উঁচু জমিতে আলুর বীজ রোপণ করেন তাঁরা। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হয়েছে। চলতি সপ্তাহে উপজেলার বিস্তীর্ণ মাঠে আগাম আলু তোলার কাজ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
খেত থেকেই ৫২ টাকা কেজি দরে বিক্রি
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক আব্দুল হাই ও দুলু মিয়া জমি থেকে আগাম আলু তুলে পাইকারদের কাছে বিক্রি করেন। তাঁরা খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে আলু বিক্রি করেছেন।
কৃষক আব্দুল হাই জানান, গত বছর চার বিঘা জমিতে আলু চাষ করে তাঁর প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আশ্বিন মাসের শুরুতে বৃষ্টির ঝুঁকি নিয়েই একই জমিতে আগাম আলুর বীজ বপন করেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির আলু ৫৮ দিনে তোলা হচ্ছে। ওই জমিতে প্রায় এক হাজার কেজি আলু উৎপাদনের আশা করছেন তিনি। খরচ বাদে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হতে পারে বলে তাঁর প্রত্যাশা।
আরেক কৃষক দুলু মিয়া জানান, পাঁচ বিঘা জমির মধ্যে আড়াই বিঘার আলু তুলেছেন তিনি। মৌসুমি ব্যবসায়ী শাহজাহান ও রফিকের কাছে খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে আলু বিক্রি করেছেন। আড়াই বিঘা জমিতে প্রায় দেড় হাজার কেজি আলু উৎপাদন হয়েছে। এতে খরচ বাদে ২৩ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তবে আগের বছরগুলোতে বেশি দামে আলু বিক্রি করে এর দ্বিগুণ মুনাফা পেয়েছিলেন বলেও জানান দুলু মিয়া।
ভালো দাম ধরে রাখার প্রত্যাশা
পুরোনো আলুর বাজারে দরপতন থাকায় আগাম আলুর দাম কত দিন ভালো থাকবে, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন অন্য চাষিরা। আগামী এক-দুই দিনের মধ্যে তাঁরাও জমি থেকে আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের আশা, বর্তমানের মতো ভালো বাজারদর অব্যাহত থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রত্যাশিত লাভ পাওয়া সম্ভব হবে।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে আগাম আলু তোলা শুরু হয়েছে। কৃষকরা প্রতি কেজি ৫২ থেকে ৬২ টাকা দরে আলু বিক্রি করছেন। বিগত বছরগুলোর মতো এবারও আগাম আলুর ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
