Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

যশোর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৯ এএম

নদী খননেও মিলছে না সুফল, কচুরিপানার জটে ভবদহের কৃষি

যশোর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৯ এএম

নদী খননেও মিলছে না সুফল, কচুরিপানার জটে ভবদহের কৃষি

যশোর ও খুলনার পাঁচ উপজেলার বিস্তীর্ণ ভবদহ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। নদ-নদীর নাব্যতা সংকট, পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া এবং কচুরিপানার ব্যাপক বিস্তারে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে ৫২টিরও বেশি বিলের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বছরের পর বছর পানির নিচে থাকছে কৃষিজমি। ধান ও অন্যান্য ফসলের মাঠ এখন কচুরিপানা, শাপলা ও জলজ আগাছায় ঢেকে গেছে। এতে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

ভবদহ অঞ্চলের মধ্যে রয়েছে যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা। একসময় এসব এলাকার নদ-নদীতে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ থাকায় বিলের পানি সহজেই নদীতে নেমে যেত। কিন্তু নদ-নদীর মুখে বাঁধ ও স্লুইসগেট নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। জোয়ারের সঙ্গে আসা পলি ভাটার সময় নদী থেকে বের হতে না পেরে তলদেশে জমতে থাকে। একপর্যায়ে নদীর তলদেশ বিলের তলদেশের চেয়ে ৬ থেকে ৭ ফুট উঁচু হয়ে যায়।

ফলে বর্ষা মৌসুমে খাল-বিলের অতিরিক্ত পানি নদীতে নামতে পারে না। পানি উপচে আশপাশের বসতবাড়ি, উঠান ও আঙিনায় ছড়িয়ে পড়ে। বছরের পর বছর পানি জমে থাকায় খাল-বিলের বড় অংশ কচুরিপানায় ঢেকে গেছে। অন্যদিকে, পানি নিষ্কাশনের প্রধান পথ ভবদহ স্লুইসগেট হওয়ায় পুরো অঞ্চলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে।

পোল্ডার নির্মাণে ব্যাহত জোয়ার-ভাটা

জানা গেছে, ১৯৬০ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পোল্ডার বা বেষ্টনী বাঁধ নির্মাণের পর মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলা এলাকার নদ-নদীতে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। জোয়ারের সঙ্গে আসা পলি ভাটার সময় বের হতে না পারায় ক্রমে নদীগুলো ভরাট হতে থাকে।

দেশের দ্বিতীয় বৃহত্তম ডাকাতিয়া বিলসহ ৫২টিরও বেশি বিলে পানি নিষ্কাশনের সংকট দেখা দেয়। জলাবদ্ধতার কারণে কৃষিজমিতে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ফসলের মাঠের পরিবর্তে কচুরিপানা, শাপলা ও বিভিন্ন জলজ আগাছার বিস্তার ঘটেছে। এতে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

গবেষণায় উঠে এসেছে জলাবদ্ধতার কারণ

২০১১ সালের জুলাইয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত মো. শাহিনুর রহমানের একটি গবেষণা প্রতিবেদনে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় বাঁধ প্রকল্প, পানির স্বাভাবিক প্রবাহ হ্রাস, স্থানীয় প্রতিবন্ধকতা, উচ্চ লবণাক্ততা এবং কচুরিপানার ব্যাপক বিস্তারের কারণে নদ-নদীতে ক্রমাগত পলি জমছে। এতে নদীর তলদেশ উঁচু হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ফলে স্থানীয় মানুষের গড় আয় প্রায় ১৫ শতাংশ কমেছে বলেও ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে কৃষিনির্ভর জনগোষ্ঠীর একটি বড় অংশ জমি ও জীবিকার সংকটে পড়েছে। অনেক কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

 নদী খননেও বড় বাধা কচুরিপানা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে যশোর-খুলনা অঞ্চলের পাঁচটি আন্তসংযুক্ত নদ-নদীর প্রায় ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখনন করছে। তবে নদী খননের পাশাপাশি কচুরিপানার বিস্তার নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্লুইসগেটের মুখে কচুরিপানা জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া

ঠেকাতে সেনাবাহিনী টেকা নদীতে বাঁশ ও লোহার নেট দিয়ে বিশেষ প্রতিবন্ধক তৈরি করেছে। এর মাধ্যমে কচুরিপানা আটকে রাখার চেষ্টা চলছে। কিন্তু ইতিমধ্যে খনন করা নদীগুলোতেও জোয়ারের সময় বিল থেকে কচুরিপানার বড় বড় জট ভেসে এসে নদীর উপরিভাগ ঢেকে ফেলছে।

ভবদহের নয় ভেন্ট স্লুইসগেট এলাকার বাসিন্দারা জানান, গেটের মুখে কচুরিপানা জমে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সেনাবাহিনী বিশেষ ছাঁকনি বসিয়েছে। তবে নদী ও খাল থেকে কচুরিপানা পুরোপুরি অপসারণ না করা গেলে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা কঠিন হবে।

পানির নিচে কৃষিজমি, হতাশ কৃষক

কপালিয়ার কৃষক হেমন্ত রায় বলেন, ‘একসময় জোয়ার-ভাটায় নদী-খাল সচল ছিল। এখন নতুন করে খনন করা নদীতেও কচুরিপানা ভরে যাচ্ছে। বিলের পানি সরছে না। পলি পড়ে নদীর তলদেশ উঁচু আর বিলের তলদেশ নিচু হয়ে গেছে। সেনাবাহিনী যদি আরও গভীর করে খনন করত, তাহলে বিলের পানি সরে যেত।’

হরিহর নদের পাড়ের কৃষক পঞ্চানন বিশ্বাস বলেন, ‘হরিহর নদে জোয়ার-ভাটা হলেও পানির পরিমাণ কম। স্রোতও নেই বললেই চলে। এখন নদী কচুরিপানায় ভরে গেছে। দেখে মনে হয়, মরা নদী এখনো মরাই আছে।’

ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকার কৃষক ফিরোজ মিয়া বলেন, ‘আমাদের এলাকার পানি ৮০ ফুট খাল দিয়ে শৈলমারি পোল্ডার হয়ে যায়। কিন্তু কচুরিপানার কারণে পানিতে স্রোত তৈরি হচ্ছে না। কচুরিপানা সরে যাওয়ার মতো স্রোত এখনো হয়নি। পলি ও কচুরিপানায় প্রায় সব খাল বন্ধ হয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘ডাকাতিয়া বিলপাড়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা চাই, বিলে যেন আবার ফসল ফলাতে পারি। সরকারের কাছে এটাই আমাদের দাবি।’

কচুরিপানা অপসারণে নেই বরাদ্দ

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী দৈনিক দেশ রূপান্তরকে বলেন, বিভিন্ন বিল থেকে কচুরিপানা নদ-নদীতে নেমে আসছে। এসব কচুরিপানা পরিষ্কারের জন্য তাঁদের কোনো বরাদ্দ নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 
 

Link copied!