Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৫৯ এএম

মেয়াদোত্তীর্ণ ৭০ শতাংশ ইঞ্জিন, সংকট কাটাতে আসছে ৮০টি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৫৯ এএম

মেয়াদোত্তীর্ণ ৭০ শতাংশ ইঞ্জিন, সংকট কাটাতে আসছে ৮০টি

বাংলাদেশ রেলওয়ের মিটার গেজ ইঞ্জিন বহরের বড় অংশই মেয়াদোত্তীর্ণ। বহরে থাকা ১৬৪টি ইঞ্জিনের মধ্যে ১১৫টির অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে। প্রায় ৭০ শতাংশ ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে যাওয়ায় বাড়ছে রক্ষণাবেক্ষণ ব্যয়, মিলছে না প্রয়োজনীয় যন্ত্রাংশ। এতে ইঞ্জিন অচল থাকছে দীর্ঘ সময়, ব্যাহত হচ্ছে ট্রেন পরিচালনা। যাত্রী ও পণ্য পরিবহনেও পড়ছে এর প্রভাব।

এ পরিস্থিতি মোকাবেলায় ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে রেলওয়ের বহরে নতুন ৮০টি মিটার গেজ ইঞ্জিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও বিশ্বব্যাংকের অর্থায়নে তিন ধাপে এসব ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন কেনার দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এআইআইবির অর্থায়নে আরও ৩০টি ইঞ্জিন কেনার প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে।

১৬৪ ইঞ্জিনের ১১৫টির আয়ুষ্কাল শেষ
রেলওয়ের প্রকল্প প্রস্তাবের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটার গেজ এবং ১২৮টি ব্রড গেজ। রেলওয়ের কোড-ম্যানুয়েল অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। সেই হিসাবে মিটার গেজ বহরের ১১৫টি ইঞ্জিনের আয়ুষ্কাল ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৪৯টির অর্থনৈতিক আয়ুষ্কাল এখনো শেষ হয়নি।

তবে আয়ুষ্কাল শেষ না হওয়া ইঞ্জিনগুলোর সব কটি সচল কিংবা নিয়মিত ট্রেন পরিচালনার উপযোগী কি না, সে বিষয়ে প্রকল্প প্রস্তাবে আলাদা কোনো হিসাব দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরনো ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহ করা কঠিন ও ব্যয়বহুল। ফলে মেরামতের জন্য অনেক ইঞ্জিন দীর্ঘ সময় অচল পড়ে থাকে। একই সঙ্গে বাড়ছে রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ব্যয়। নতুন ইঞ্জিনের অভাবে বিদ্যমান ট্রেন পরিচালনার পাশাপাশি নতুন ট্রেন চালুর সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে ইঞ্জিনের স্বল্পতা রেলওয়ের সক্ষমতা বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিন উৎস থেকে আসবে ৮০ ইঞ্জিন
ইঞ্জিনসংকট কাটাতে এডিবির অর্থায়নে ৩০টি, এআইআইবির অর্থায়নে ৩০টি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে আরও ২০টি মিটার গেজ ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর মধ্যে এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন কেনার দরপত্র প্রক্রিয়া চলছে। এআইআইবির অর্থায়নে ৩০টি ইঞ্জিন সংগ্রহের প্রকল্প সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাকি ২০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ২০২৯ সালের মধ্যে মোট ৮০টি মিটার গেজ ইঞ্জিন পাওয়ার আশা করছে সরকার। এর মধ্যে এডিবির অর্থায়নে ৩০টি ইঞ্জিনের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। গত মাসে একনেকে এআইআইবির অর্থায়নে আরও ৩০টি ইঞ্জিন কেনার প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে ৮০টি ইঞ্জিন পাওয়া গেলে রেল পরিচালনায় বিদ্যমান সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৩০ ইঞ্জিনে ব্যয় প্রায় ২ হাজার ৭৭০ কোটি টাকা
এআইআইবির ঋণসহায়তায় ৩০টি মিটার গেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প’ নেওয়া হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮১১ কোটি ৩৭ লাখ টাকা এবং এআইআইবির ঋণ থেকে ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় করা হবে।

২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। এর আওতায় শুধু ৩০টি ইঞ্জিন কেনাই নয়, সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, টুলস ও অন্যান্য সরঞ্জামও সংগ্রহ করা হবে।

বাড়বে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নতুন ইঞ্জিন যুক্ত হলে মিটার গেজ রেলপথে লোকোমোটিভের প্রাপ্যতা বাড়বে। এতে বিদ্যমান ট্রেনগুলো আরও নির্ভরযোগ্যভাবে পরিচালনার পাশাপাশি নতুন ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে এবং পুরনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমবে।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথ দেশের অন্যতম ব্যস্ত রেল করিডর। এ পথে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা ক্রমাগত বাড়ছে। কিন্তু বিদ্যমান পরিবহন সক্ষমতা সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়। নতুন ইঞ্জিন যুক্ত হলে এ রুটসহ অন্যান্য মিটার গেজ সেকশনে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে বলে মনে করছে রেলওয়ে।

রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে মিটার গেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বিলম্বিত হওয়ায় ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও মিটার গেজ ট্রেন পরিচালনার প্রয়োজন হতে পারে। এ কারণে নতুন ইঞ্জিন সংগ্রহকে জরুরি মনে করছে সরকার।

প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা করেছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কম্পানি (আইআইএফসি), বাংলাদেশ। চলতি বছরের ১৪ মে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় কয়েকটি সিদ্ধান্ত প্রতিপালন সাপেক্ষে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। পরে ওই সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়।

বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (লোকো) বোরহান উদ্দিন বলেন, ইঞ্জিনসংকটের কারণে ট্রেন পরিচালনায় সমস্যা হচ্ছে। যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন ইঞ্জিন যুক্ত হলে চলমান সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।

তবে পরিকল্পনা বাস্তবায়নে দরপত্র, ক্রয়াদেশ, উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ সময়মতো শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। নির্ধারিত সময়ের মধ্যে ৮০টি ইঞ্জিন বহরে যুক্ত করা গেলে মিটার গেজ রেলপথের দীর্ঘদিনের সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

কালের আলো/এএএন/জেএন

Link copied!