Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩৮ পিএম

ভিটেমাটি হারানো মানুষের জীবনে নতুন আশা জিইউকের ‘প্রাইম’ প্রকল্প

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৩৮ পিএম

ভিটেমাটি হারানো মানুষের জীবনে নতুন আশা জিইউকের ‘প্রাইম’ প্রকল্প

ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙনে ভিটেমাটি হারানো মানুষ এবং বিদেশে গিয়ে প্রতারণার শিকার প্রবাসফেরতদের জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ‘প্রাইম’ প্রকল্প। জীবিকাভিত্তিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে গাইবান্ধার প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে কাজ করছে প্রকল্পটি।

এর আগে ‘প্রসপারিটি’ প্রকল্পের মাধ্যমে ছাগল, গরু, কৃষি উপকরণ ও প্রশিক্ষণ পেয়ে অনেক পরিবার ঘুরে দাঁড়িয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৬ সালে শুরু হয়েছে ‘প্রাইম’ (প্রমোটিং সেইফার মাইগ্রেশন অ্যান্ড সোশ্যো-ইকোনমিক রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্টস) প্রকল্প। এটি চলবে ২০২৮ সাল পর্যন্ত।

ছাগল-গরু পালনে বদলেছে সৈয়দ আলীর জীবন

২০১১ সালে ভালো বেতনের আশায় দালালের প্রলোভনে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ কাতলামারী গ্রামের মোহাম্মদ সৈয়দ আলী। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি তিনি। বরং প্রতারণার শিকার হয়ে ২০১৪ সালের শেষ দিকে দেশে ফিরতে বাধ্য হন। দেশে ফিরে পড়েন চরম আর্থিক সংকটে।

সৈয়দ আলী বলেন, ‘কোম্পানিটি ছিল সাপ্লাই কোম্পানি, তাদের নিজস্ব কোনো কাজ ছিল না। দালাল আমাকে অন্যের কাছে বিক্রি করে দিত।’

২০২৩ সালে জিইউকের প্রসপারিটি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর তাঁর জীবনে পরিবর্তন আসতে শুরু করে। প্রকল্প থেকে পাওয়া চারটি ছাগল লালন-পালন করে বাড়িয়েছেন ১২টিতে। পরে তিনটি ছাগল বিক্রির টাকা ও নিজের সঞ্চয় দিয়ে একটি গরু কেনেন। সেই গরুটিও একটি বাছুর দিয়েছে।

বর্তমানে তাঁর চারটি ছাগল ও দুটি গরু রয়েছে। আরেকটি গরু বাচ্চা দেওয়ার অপেক্ষায়। সৈয়দ আলীর ভাষ্য, প্রকল্পের সহযোগিতায় তাঁর পরিবার অনেকটাই স্বাবলম্বী হয়েছে।

এক বাছুর থেকে গোয়ালে ছয় গরু

নদীভাঙনের শিকার শিক্ষিত বেকার যুবক আল-আমিনও প্রসপারিটি প্রকল্পের একজন উপকারভোগী। ২০২২ সালে প্রকল্প থেকে একটি বকনা বাছুর পান তিনি। সেটি লালন-পালনের মাধ্যমে এখন তাঁদের গোয়ালে গরু ও গাভীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। পাশাপাশি দুটি গরু বিক্রি করে পেয়েছেন ৯০ হাজার টাকা।

আল-আমিনের মা আমিনা বেগম বলেন, দুধ ও গরু বিক্রির আয় তাঁদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে এনেছে।

ভাঙন, দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বাস্তবতা

ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙন, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন বিষয়ে সীমিত সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাইবান্ধায় প্রতিবছর বহু পরিবার বাস্তুচ্যুত হয়। জীবিকার সন্ধানে অনেকে বিদেশে পাড়ি জমান। এ সুযোগে দালালের প্রতারণা ও মানবপাচারের ঝুঁকিতে পড়েন কেউ কেউ।

এ পরিস্থিতি মোকাবিলায় ২০২০ সালে জিইউকে, এডব্লিউও ইন্টারন্যাশনাল এবং জার্মানির বিএমজেডের অর্থায়নে শুরু হয় প্রসপারিটি প্রকল্প। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নে প্রকল্পটির মাধ্যমে ১ হাজার ৪৭ জনকে জীবিকা সহায়তা দেওয়া হয়।

এর মধ্যে কৃষিবহির্ভূত খাতে সহায়তা পেয়েছেন ২১০ জন। তাঁদের মধ্যে ১৩০ জন সেলাই মেশিন ও প্রশিক্ষণ, ২০ জন ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিকস মেরামতের প্রশিক্ষণ, ৩৯ জন ক্ষুদ্র ব্যবসার সহায়তা এবং ২১ জন এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন।

কৃষিভিত্তিক সহায়তা পেয়েছেন ৭৬৬ জন। তাঁদের মধ্যে ১৯২ জন গরু, ২৬৬ জন জনপ্রতি চারটি করে ছাগল, ১৯০ জন সবজি চাষ, ৬০ জন ভার্মিকম্পোস্ট, ৪৩ জন উন্নত জাতের ব্রিডিং বাক এবং ১৫ জন হাইড্রোপনিক কৃষির সহায়তা পেয়েছেন। বাকি ৭১ জন পেয়েছেন অন্যান্য সহায়তা।

এ ছাড়া নদীভাঙনে সর্বস্ব হারানো ১০৪ পরিবারের ৩২৬ জনকে ক্লাস্টার ভিলেজে স্থায়ীভাবে পুনর্বাসন করা হয়েছে। সেখানে তাঁদের জন্য নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, জীবিকাভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

আট ইউনিয়নে চলছে ‘প্রাইম’ প্রকল্প

প্রসপারিটির ধারাবাহিকতায় ২০২৬ সালে শুরু হওয়া প্রাইম প্রকল্পে আগের ছয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে রামচন্দ্রপুর ও ফুলছড়ি ইউনিয়ন। বর্তমানে আটটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে প্রকল্পটির কার্যক্রম চলছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আট ইউনিয়নের ২ হাজার ৮৪০ পরিবারের ১১ হাজার ৮৭৪ জন সরাসরি এবং ১ লাখ ৭২ হাজার ৮৭৩ জন পরোক্ষভাবে এ প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ও মানবপাচার প্রতিরোধে আটটি ইউনিয়নে কাউন্টার ট্র্যাফিকিং কমিটি সক্রিয় করা হচ্ছে। পাশাপাশি স্থাপন করা হচ্ছে মাইগ্রেশন ইনফরমেশন ডেস্ক। পরিকল্পনায় রয়েছে তিনটি গণশুনানি এবং লোকসংগীতের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম।

এ ছাড়া দুই উপজেলার কমিটিকে শক্তিশালী করা, জেলা পর্যায়ে গোলটেবিল বৈঠক ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংলাপ আয়োজনের উদ্যোগ রয়েছে। জাতীয় পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সংলাপ, নীতিনির্ধারকদের নিয়ে দুটি সেমিনার, জাতীয় টেলিভিশনে দুটি টক শো এবং নিরাপদ অভিবাসন নিয়ে একটি জাতীয় নেটওয়ার্ক গঠনের পরিকল্পনাও রয়েছে।

জীবিকা উন্নয়নে গরু, ছাগল ও কৃষি সহায়তা

প্রাইম প্রকল্পের আওতায় ১৪২টি কমিউনিটি সেলফ হেল্প গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১০০ জনকে গরু এবং ৮৮০ জনকে জনপ্রতি চারটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুটি নতুন ক্লাস্টার ভিলেজে ৪০টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগও রয়েছে।

প্রকল্পের আওতায় ১ হাজার ১০ জন সদস্য প্রাণিসম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ, ৪২০ জন স্মার্ট অ্যাগ্রিকালচার সহায়তা এবং ৪০ জন ক্ষুদ্র ব্যবসার স্টার্ট-আপ সহায়তা পাবেন।

কৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ করতে চারটি মিল্ক কালেকশন সেন্টার ও চারটি সবজি-কৃষিপণ্য সংগ্রহকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষি সমবায় গঠন ও বাজার সংযোগ তৈরির কাজ চলছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৪ জনকে গরু এবং ১২০ জনকে মোট ৪৮০টি ছাগল দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০ জনকে আদা চাষের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।

নিরাপদ অভিবাসনের পাশাপাশি টেকসই জীবিকার লক্ষ্য

জিইউকের প্রসপারিটি ও প্রাইম প্রকল্পের সমন্বয়কারী মামুনুর রশিদ বলেন, ‘প্রাইম প্রকল্প শুধু নিরাপদ অভিবাসনেই সীমাবদ্ধ নয়। অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নে আমরা বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছি।’

তিনি আরও বলেন, ‘চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রম ও স্টার্ট-আপ সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছি এবং সামাজিক পুনঃএকত্রীকরণে সহায়তা করছি, যাতে তাঁরা সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরতে পারেন।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, ‘জিইউকের প্রসপারিটি/প্রাইম প্রকল্প এ অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ এবং প্রবাসে প্রতারণার শিকার প্রবাসফেরতদের পাশে দাঁড়িয়েছে প্রকল্পটি।’

নদীভাঙনে ভিটেমাটি হারানো কিংবা বিদেশে প্রতারণার শিকার হয়ে ফেরা মানুষের কাছে জীবিকার সামান্য সহায়তাও নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করছে। তবে প্রকল্পের নির্ধারিত লক্ষ্য পূরণ, সহায়তার ধারাবাহিকতা এবং বাজারে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই উদ্যোগের সুফল আরও বিস্তৃত হতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!