Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৫০ এএম

বাংলায় রায় অনুবাদের সফটওয়্যার বন্ধ, পড়ে আছে ৫৬ লাখ টাকার বিল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৫০ এএম

বাংলায় রায় অনুবাদের সফটওয়্যার বন্ধ, পড়ে আছে ৫৬ লাখ টাকার বিল

উচ্চ আদালতের রায় সাধারণ মানুষের বোধগম্য করতে ইংরেজি থেকে বাংলায় অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য ২০২১ সালে চালু করা হয় ‘আমার ভাষা’ সফটওয়্যার। কিন্তু সাড়ে পাঁচ বছরের বেশি সময়ে এই সফটওয়্যারের মাধ্যমে মাত্র ৩৫টি রায় বাংলায় অনুবাদ করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আপিল বিভাগের ১১টি এবং হাইকোর্ট বিভাগের ২৪টি রায় রয়েছে। দীর্ঘদিন ধরে সফটওয়্যারটির মাধ্যমে অনুবাদ কার্যক্রম বন্ধ থাকায় বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত অনূদিত রায়ের সংখ্যা ৩৫। এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক বলেন, ‘অনেক দিন ধরে আমার ভাষা সফটওয়্যার দিয়ে রায় অনুবাদ বন্ধ রয়েছে। আমরা নিজেরা বিকল্প চিন্তা করছি।’

বিচারপ্রার্থীদের জন্য ছিল গুরুত্বপূর্ণ উদ্যোগ
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদের লক্ষ্যে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয়। ভারতের সহযোগিতায় তৈরি এই সফটওয়্যার উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পরবর্তী সময়ে ইংরেজিতে দেওয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাংলায় পড়ার সুবিধা যুক্ত করা হয়। ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ প্রযুক্তিসেবার উদ্বোধন করেন। তবে উদ্যোগ শুরুর পরও রায় অনুবাদের সংখ্যা খুব বেশি বাড়েনি।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচারপ্রার্থীরাও তাঁদের মামলার রায় সম্পর্কে জানতে চান। এ কারণে বাংলায় রায় অনুবাদের উদ্যোগটি গুরুত্বপূর্ণ ছিল। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধান বিচারপতির উদ্যোগে কার্যক্রমটি আবার শুরু হবে।

উচ্চ আদালতে ইংরেজির প্রাধান্য
সংবিধান ও আইনি বাধ্যবাধকতার কারণে অধস্তন আদালতে কিছু ব্যতিক্রম ছাড়া বিচারকেরা প্রায় সব রায় বাংলায় দেন। আইনজীবীরাও অধিকাংশ আবেদন বাংলায় জমা দেন। তবে সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিলেও অধিকাংশ রায় লেখা হয় ইংরেজিতে। আইনজীবীদের আবেদনও হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া ইংরেজিতে জমা পড়ে।

অবশ্য উচ্চ আদালতে আগের তুলনায় বাংলায় রায় দেওয়ার প্রবণতা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে ইংরেজিতে দেওয়া রায় সাধারণ বিচারপ্রার্থীদের কাছে সহজবোধ্য করতে অনুবাদের বিকল্প নেই বলে মনে করেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, রায় যথাযথভাবে বাংলায় অনুবাদ করা হলে বিচারপ্রার্থীরা নিজেদের মামলার সিদ্ধান্ত সহজে পড়তে ও বুঝতে পারবেন। এ জন্য সফটওয়্যারের মাধ্যমে রায় অনুবাদের পরিমাণ বাড়ানো উচিত। পাশাপাশি রায় ইংরেজিতে লেখা হলেও এর চূড়ান্ত ও কার্যকরী অংশ অন্তত বাংলায় দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলা ভাষা প্রচলনে আইনি বাধ্যবাধকতা
বাংলা ভাষা প্রচলন আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, ৩(১) উপধারা অনুযায়ী কোনো কর্মস্থলে কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আবেদন বা আপিল করলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। আইনটি পাসের পর সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক আদেশ ও নির্দেশনা বাংলায় দেওয়া হচ্ছে।

তবে আদালতের সব কার্যক্রমে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত না হওয়ায় ২০১৪ সালে প্রতিকার চেয়ে রিট করেন এক আইনজীবী। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট গাড়ির নম্বরপ্লেট, সব ধরনের সাইনবোর্ড ও নামফলক বাংলায় লেখার নির্দেশনা দিয়ে রুল জারি করেন। তবে রুলটি এখনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

৩৫ রায়ের অনুবাদে বিল প্রায় ৫৬ লাখ টাকা
‘আমার ভাষা’ সফটওয়্যার ব্যবহার করে অনূদিত ৩৫টি রায়ের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টার ব্যবহার করা হয়েছে। এ সেবা গ্রহণের বিপরীতে ৫৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা বিল পরিশোধের অনুরোধ জানিয়ে গত ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে বিসিসি।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিলের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রায় অনুবাদের কার্যক্রম বন্ধ থাকা এবং বিকল্প পদ্ধতি নিয়ে প্রশাসনের চিন্তাভাবনার মধ্যে বিচারপ্রার্থীদের জন্য বাংলায় রায় পাওয়ার সুযোগ কীভাবে বাড়ানো যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!