কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসে সাতটি বন্যহাতি। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট-বড় সাতটি হাতির একটি পাল বন থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে। হাতির পাল আসার খবর ছড়িয়ে পড়লে সেগুলো দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। এতে একদিকে বন্যহাতি দেখার কৌতূহল তৈরি হয়, অন্যদিকে ফসল ও জানমালের ক্ষতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বন বিভাগ ও ইআরটির উদ্যোগ
হাতির পাল লোকালয়ে প্রবেশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ। তাঁর নেতৃত্বে বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা হাতিগুলোকে বিরক্ত না করে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় হাতিগুলোকে গহিন বনে ফেরত পাঠানো সম্ভব হয়।
থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, খাবারের সন্ধানে হাতিগুলো বন থেকে লোকালয়ে চলে এসেছিল। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহকর্মী ও ইআরটি সদস্যদের সহযোগিতায় সেগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, থাইংখালীর চোরাখোলা এলাকায় সাতটি বন্যহাতির পাল লোকালয়ে প্রবেশের খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়। হাতিগুলো যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে এবং স্থানীয় বাসিন্দারাও নিরাপদে থাকেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
