পেঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না কুষ্টিয়া ও মেহেরপুরের কৃষকরা। উৎপাদন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজের পেছনে ব্যয় হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। অথচ হাটে পাইকারি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকা কেজি দরে। ফলে উৎপাদন খরচই তুলতে পারছেন না অনেক চাষি। লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী হাটে গত রোববার সাত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছিলেন যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক হাফিজুল ইসলাম। সেখানে তাঁর পেঁয়াজের দর ওঠে মণপ্রতি ১ হাজার ২০০ টাকা। অথচ এর আগের দিন শনিবার খালবাজারে তিনি একই পেঁয়াজ বিক্রি করেছিলেন মণপ্রতি ১ হাজার ৪০০ টাকায়। এক দিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় প্রত্যাশিত মূল্য না পেয়ে পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে যান তিনি।
হাফিজুলসহ স্থানীয় কৃষকদের ভাষ্য, সংরক্ষণের সময় শুকিয়ে ও পচে ওজন কমে যাওয়ার হিসাব ধরলে এক মণ পেঁয়াজ উৎপাদনে খরচ পড়ে প্রায় ১ হাজার ৬০০ টাকা। গত বছর একই সময়ে তাঁরা মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত দাম পেয়েছিলেন। এবার চৌরঙ্গী হাটে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।
জোতমোড়া গ্রামের কৃষক কামাল হোসেন বলেন, সারা বছরই পেঁয়াজের দাম কম থাকায় চাষিরা লোকসানে পড়েছেন। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। অথচ তিনি রোববার মণপ্রতি ১ হাজার ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন। এতে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। তাঁর মতে, মণপ্রতি অন্তত ২ হাজার টাকা পাওয়া গেলে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারতেন।
ভালো ফলনেও মিলছে না উৎপাদন খরচ
কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার কুমারখালীতে অনেক কৃষক বেশি জমিতে চাষ করেছেন। অনুকূল আবহাওয়ায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৭০ থেকে ৮০ মণ। উচ্চফলনশীল জাতের ক্ষেত্রে ফলন ১০০ মণেরও বেশি হয়েছে।
তবে জমি ইজারা, সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। তাঁদের হিসাবে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রাথমিক খরচ ৩০ থেকে ৩২ টাকা। কয়েক মাস সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়া ও পচনের ক্ষতি যোগ করলে খরচ দাঁড়ায় ৩৫ থেকে ৪০ টাকা। বিপরীতে বাজারে পাইকারি দাম মিলছে ২০ থেকে ৩২ টাকা।
কৃষক দিলীপ কুমার সরকার বলেন, তিনি মণপ্রতি ১ হাজার ২৫০ টাকা দরে আড়াই মণ পেঁয়াজ বিক্রি করেছেন। এতে তাঁর লোকসান হয়েছে। তাঁর মতে, মণপ্রতি ৩ হাজার টাকা দাম পেলেই কৃষকরা কিছুটা স্বস্তি পেতেন। আগামী বছর পেঁয়াজ চাষ করবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, পেঁয়াজের জমিতে অন্য ফসলের চাষ করা কঠিন। তাই লোকসান হলেও কৃষক হিসেবে তাঁকে চাষ চালিয়ে যেতে হবে।
পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন ১২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ভালো ফলন হলেও প্রতি মণে তাঁর প্রায় ৫০০ টাকা লোকসান হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, মোকামে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় আগের দিনের তুলনায় রোববার দাম ১৫০ থেকে ২০০ টাকা কমেছে। সেদিন হাটে সুখসাগর জাতের পেঁয়াজ মণপ্রতি ৯০০ থেকে ১ হাজার টাকায় এবং দেশি পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
কুষ্টিয়া সদরের ব্যবসায়ী ফজলুর রহমান চৌরঙ্গী হাট থেকে ১০ টন পেঁয়াজ কিনেছেন। মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে কেনা এসব পেঁয়াজ তিনি চট্টগ্রামে বিক্রি করবেন। তাঁর ধারণা, এবার উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমে গেছে। এতে কৃষকরা উৎপাদন খরচও তুলতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন জানান, চলতি বছর কুমারখালীতে ৪ হাজার ৮০৮ হেক্টর জমিতে প্রায় ৮৪ হাজার ৩২৭ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তাঁর হিসাব অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৮ থেকে ৩০ টাকা। সংরক্ষণের সময় প্রায় ২৫ শতাংশ পেঁয়াজ শুকিয়ে গেছে বা নষ্ট হয়েছে। বাজারে দাম কম থাকায় কৃষকরা হতাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, হাটে সিন্ডিকেট প্রতিরোধ এবং পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হবে।
মেহেরপুরে হিমাগার স্থাপনের দাবি
কুষ্টিয়ার পাশাপাশি মেহেরপুরের পেঁয়াজ চাষিরাও বাজারদর নিয়ে উদ্বিগ্ন। জেলার আবহাওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য অনুকূল হলেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং সংরক্ষণ সুবিধার অভাব তাঁদের দুশ্চিন্তা বাড়িয়েছে।
গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক এখলাস উদ্দীন মীর বলেন, এ অঞ্চলে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ ভালো হয়। তবে অতিবৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে হিমাগার স্থাপন করা প্রয়োজন।
মুজিবনগরের বিশ্বনাথপুর গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, বর্তমানে পেঁয়াজ পুরোপুরি পরিপুষ্ট না হওয়ায় বিঘাপ্রতি ফলন হচ্ছে ৫০ থেকে ৬০ মণ। আরও ২০ থেকে ২৫ দিন পর তুললে ফলন ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত হতে পারত। কিন্তু বাজারে দাম কমে যাওয়ার আশঙ্কায় কৃষকরা আগেভাগেই পেঁয়াজ তুলে বিক্রি করছেন। তাঁদের আশঙ্কা, বর্তমানে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা পাওয়া গেলেও কিছুদিন পর দাম ১০ থেকে ১৫ টাকায় নেমে আসতে পারে।
সদর উপজেলার উজুলপুর গ্রামের কৃষক রহিদুল ইসলাম উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি সার পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এক বস্তা সার সংগ্রহ করতে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এতে দিনের মজুরি নষ্ট হয়। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে মাত্র এক বস্তা সার দেওয়া হচ্ছে। সাত বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা একজন কৃষকের জন্য এক বস্তা সার যথেষ্ট নয়।
রহিদুলের অভিযোগ, জমির পরিমাণ বিবেচনা না করেই সার বিতরণ করা হচ্ছে। ফলে প্রকৃত কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। আবার বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। এতে পেঁয়াজের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ বলেন, জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ ভালো হয়। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬৫ হাজার টন নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তাঁরা। তবে বাজারে দাম কম থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণ করে পরে বিক্রি করতে পারলে কৃষকরা লাভবান হতেন। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে হিমাগার স্থাপনের বিষয়ে যোগাযোগ চলছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
