জ্বর, সর্দি কিংবা সামান্য অসুস্থতা—অনেকেই এখন চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করছেন। কেউ ফার্মেসি থেকে নিজের ইচ্ছামতো ওষুধ কিনছেন, আবার কেউ কয়েক দিন খেয়ে সুস্থ বোধ করলেই বন্ধ করে দিচ্ছেন। ডোজ ও সেবনের নিয়ম না মানার এমন প্রবণতায় জীবাণুর মধ্যে তৈরি হচ্ছে ওষুধ প্রতিরোধী ক্ষমতা। ফলে একসময় যে অ্যান্টিবায়োটিকে রোগ সারত, তা আর কাজ করছে না। বাড়ছে চিকিৎসা জটিলতা, দীর্ঘ হচ্ছে হাসপাতালে থাকার সময়, এমনকি তৈরি হচ্ছে মৃত্যুঝুঁকিও।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এখন বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। শুধু রোগীর অসচেতনতা নয়, চিকিৎসকের অপ্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ফার্মেসিতে প্রশিক্ষিত কর্মীর অভাব এবং পশুপালন ও মৎস্য খাতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে।
বছরে হাজারো মানুষের মৃত্যু
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) সঙ্গে সরাসরি সম্পর্কিত কারণে বিশ্বে প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। একই সময়ে বাংলাদেশে এ কারণে ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধের অর্থ হলো, কোনো জীবাণুর বিরুদ্ধে আগে কার্যকর থাকা ওষুধ আর আগের মতো কাজ করছে না। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে বেশি শক্তিশালী ওষুধের প্রয়োজন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কার্যকর ওষুধের বিকল্পও সীমিত হয়ে আসে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জরিপে দেখা গেছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৪১ শতাংশ রোগীর ক্ষেত্রে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। অন্যান্য রোগীর ক্ষেত্রে এ হার ৭ শতাংশ। অর্থাৎ হাসপাতালে গুরুতর অবস্থায় থাকা রোগীদের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
ফার্মেসির ৬৭ শতাংশ কর্মীরই পর্যাপ্ত ধারণা নেই
অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে ওষুধ বিক্রেতাদের জ্ঞান নিয়েও প্রশ্ন রয়েছে। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ৬৭ দশমিক ৩ শতাংশ ফার্মেসির কর্মী অ্যান্টিবায়োটিক সম্পর্কে ভালোভাবে জানেন না। আট বিভাগের ৪২৭টি ফার্মেসিতে জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া যায়।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের বিভিন্ন গবেষণায় বাজারে বহুল ব্যবহৃত ১১টি অ্যান্টিবায়োটিকের মধ্যে পাঁচটির বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধী হয়ে ওঠার তথ্য পাওয়া গেছে। এসব অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসা নেওয়া রোগীদের ৩৪ শতাংশ সুস্থ হচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে এ হার ৭২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৭২ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ হাজার ৭৫১টি নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো জীবাণু ৭৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিরোধী হয়ে উঠেছে। অর্থাৎ এসব জীবাণুর বিরুদ্ধে সংশ্লিষ্ট ওষুধ কার্যকারিতা হারাচ্ছে।
মাঝপথে ওষুধ বন্ধ করাও বড় ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করা। অনেক রোগী দুই-তিন দিন ওষুধ খাওয়ার পর সুস্থ বোধ করলে সেবন বন্ধ করে দেন। আবার কেউ ওষুধের দাম বেশি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই খাওয়া বন্ধ করেন।
এতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না এসে জীবাণু শরীরে থেকে যেতে পারে। পরবর্তী সময়ে একই ধরনের সংক্রমণে ওষুধ প্রয়োগ করলে তা আগের মতো কাজ নাও করতে পারে। এ ছাড়া প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার, ভুল মাত্রায় সেবন এবং এক ওষুধের পরিবর্তে অন্য ওষুধ গ্রহণের প্রবণতাও প্রতিরোধী জীবাণু তৈরিতে ভূমিকা রাখে।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, দেশে জীবাণু ক্রমে ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার অন্যতম প্রধান কারণ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও সেবন। সামান্য অসুস্থতা দেখা দিলেই অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক কিনে খান। ডোজ ও নিয়ম না মেনে ওষুধ সেবন এবং মাঝপথে বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।
তিনি বলেন, দেশে নিবন্ধিত চিকিৎসকের পাশাপাশি অনেক অপ্রশিক্ষিত ব্যক্তিও রোগীর চিকিৎসা করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে হাতুড়ে চিকিৎসকদের মাধ্যমে রোগীরা অ্যান্টিবায়োটিক পাচ্ছেন। চিকিৎসাবিজ্ঞানে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তাঁরা অনেক সময় ওষুধের সঠিক মাত্রা ও মেয়াদ নির্ধারণ করতে পারছেন না।
চিকিৎসক ও ফার্মেসি ব্যবস্থাপনাতেও ঘাটতি
অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের জন্য শুধু রোগীদের অসচেতনতাকে দায়ী করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চিকিৎসকদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্রে লেখা এবং ফার্মেসিতে প্রশিক্ষিত ফার্মাসিস্টের অভাবও বড় সমস্যা।
অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, অনেক ফার্মেসি ডিগ্রিধারী বা যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট দিয়ে পরিচালিত হয় না। কিছু ক্ষেত্রে সামান্য অভিজ্ঞতা নিয়ে ওষুধ বিক্রেতারাই নিজেদের ফার্মাসিস্ট হিসেবে পরিচয় দেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের সংকট থাকায় তাঁদের কাছ থেকেই রোগীরা ব্যবস্থাপত্র ও অ্যান্টিবায়োটিক নিচ্ছেন। এতে রোগীর বয়স ও ওজন অনুযায়ী সঠিক মাত্রা নির্ধারণ, ওষুধ খাওয়ার নিয়ম এবং কত দিন সেবন করতে হবে—এসব বিষয়ে ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, অনেকে নিজেরাই নিজেদের চিকিৎসা করেন। আত্মীয়স্বজন বা বন্ধুর পরামর্শে কিংবা ওষুধ বিক্রেতার কথায় অ্যান্টিবায়োটিক সেবন করেন। অন্য কারও ক্ষেত্রে কোনো ওষুধে উপকার হয়েছে বলে নিজের ক্ষেত্রেও সেটি কার্যকর হবে—এমন ধারণা বিপজ্জনক।
পশু ও মৎস্য খাতেও বাড়ছে ঝুঁকি
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার শুধু মানুষের চিকিৎসায় সীমাবদ্ধ নেই। গবাদিপশু পালন ও মাছ চাষেও এর যথেচ্ছ প্রয়োগ হচ্ছে। দ্রুত বৃদ্ধি কিংবা রোগ প্রতিরোধের উদ্দেশ্যে প্রাণী ও মাছের খাবারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ওষুধ প্রতিরোধী জীবাণু খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশের ঝুঁকি তৈরি হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, পশুপালন ও মৎস্য খাতে অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহার জনস্বাস্থ্যকে নীরব বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের ব্যবহার বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কঠোর নজরদারি এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।
তিনি আরও বলেন, অ্যান্টিবায়োটিককে নিরাপদ ওষুধ মনে করে যথেচ্ছ সেবনের অভ্যাস বিপজ্জনক হয়ে উঠছে। এর ফলে জীবাণু ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, যা ভবিষ্যতে সংক্রমণের চিকিৎসাকে কঠিন করে তুলতে পারে।
প্রয়োজন কঠোর নিয়ন্ত্রণ ও সচেতনতা
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ করতে হবে। নিয়ম ভেঙে অ্যান্টিবায়োটিক বিক্রি করলে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওষুধের মোড়কে বিশেষ চিহ্ন বা রং ব্যবহারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের বিষয়ে ক্রেতাদের সতর্ক করা যেতে পারে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা বা সেবন না করা, নির্ধারিত মাত্রা ও সময় মেনে চলা এবং চিকিৎসকের নির্দেশনা ছাড়া ওষুধ বন্ধ না করার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন তাঁরা। একই সঙ্গে চিকিৎসকদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকা এবং ফার্মেসিতে প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা জরুরি।
জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে মানুষ, প্রাণী ও পরিবেশ—সব ক্ষেত্রেই এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় একসময় সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
কালের আলো/এমডিএইচ/জেএন
