রাজধানীর তুরাগ এলাকা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়।
গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা নয়; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য ও হালনাগাদ তথ্য সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেন জ্যোতি।
শিল্পকলা একাডেমিতে দায়িত্ব হারান
ওই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের বিরোধিতার মুখে সেদিন কার্যালয় ছাড়েন তিনি। পরে ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।
এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
তবে বুধবার রাতে গ্রেপ্তারের পর তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
কালের আলো/এসকে/এমএসআইপি
