রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আলোচিত নারী সার্জেন্ট সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদ ঘিরে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। বিয়ের সময় তাঁর দেনমোহর নির্ধারণ করা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে নগদ ও স্বর্ণালংকার বাবদ পরিশোধ করা হয়েছিল ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ওই অর্থ লেনদেনে মধ্যস্থতাকারী সাইফুল ইসলাম।
২০২২ সালের ৩০ আগস্ট মাহবুব আলম ও সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। সেদিনই ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল সাবিহাকে। সাবেক স্বামী মাহবুব আলম এফডিআর ভেঙে এবং ধার-কর্জ করে এই অর্থের ব্যবস্থা করেছিলেন বলে জানা গেছে।
বন্ধুর ব্যাংক হিসাব হয়ে সাবিহার অ্যাকাউন্টে টাকা
প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের দিন নগদ ৫০ লাখ টাকা গ্রহণ করেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। পরে তিনি নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেন। একই দিন সেখান থেকে অর্থ স্থানান্তর করা হয় সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে।
সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে অর্থের উৎস সম্পর্কে তখন সাবিহা ও সাইফুলের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর চণ্ডীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি ৫০ লাখ টাকা লেনদেনের বিষয়টি প্রকাশ করেন। এ সময় সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের কাগজপত্রও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সাইফুল জানান, বিবাহবিচ্ছেদের দিনই সাবিহা তাঁর মাধ্যমে সাবেক স্বামী মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন।
নিকাহনামায় দেনমোহর ছিল দুই লাখ টাকা
সাবিহা আক্তার ও মাহবুব আলমের নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাঁদের বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান তাঁদের বিয়ে পড়ান।
নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল দুই লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের কথা উল্লেখ রয়েছে। বাকি দেনমোহরের পরিমাণ ছিল ১ লাখ ৯০ হাজার টাকা।
তবে বিবাহবিচ্ছেদের সময় দেনমোহরের তুলনায় অনেক বেশি ৫০ লাখ টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি।
সাবিহা ও মাহবুবের বক্তব্য
এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিবাহবিচ্ছেদের সময় সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
