রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিকালে এ আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত রিমান্ডের আদেশ দেন। কড়া নিরাপত্তার মধ্যে এসপি জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হয়েছিল।
সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে মামলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার পর রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।
আগেই জব্দ করা হয় দুটি ফোন
এর আগে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগের তদন্তে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছিল। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়।জাহাঙ্গীর আলম নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
