পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে পরীক্ষামূলক সংযোগ ও সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোনো ধরনের কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয়ের কাজও চলছে।
পরীক্ষামূলক সরবরাহের পর হবে পর্যবেক্ষণ
বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে।
তিনি জানান, আপাতদৃষ্টিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে সবকিছু যাচাই করে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষামূলক সংযোগের পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ সময় কোনো ত্রুটি বা কারিগরি সমস্যা দেখা দেয় কি না, তা খতিয়ে দেখা হবে। সবকিছু সন্তোষজনক হলে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হতে পারে।
ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন বায়েরা চেয়ারম্যান।
তবে উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ড. মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনের সময়সূচি নির্ভর করছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেই সম্ভাব্য সময় নির্ধারণ করা হচ্ছে।
পূর্ণ সক্ষমতায় উৎপাদনে লাগবে আরও ৫-৬ মাস
প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। তবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন এবং সেই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। বায়েরা চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সেই হিসাবেই প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দুটি ইউনিটে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট
রাশিয়ার সর্বাধুনিক পারমাণবিক প্রযুক্তি, অর্থায়ন ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
কেন্দ্রটিতে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে যুক্ত হবে নতুন একটি অধ্যায়। তবে নিয়মিত ও পূর্ণমাত্রায় সরবরাহ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন করতে হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি
