Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:২২ এএম

গাইবান্ধায় বদলে যাচ্ছে তৃতীয় লিঙ্গের জীবন

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:২২ এএম

গাইবান্ধায় বদলে যাচ্ছে তৃতীয় লিঙ্গের জীবন

অবহেলা, বৈষম্য ও সামাজিক দূরত্ব পেরিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছেন গাইবান্ধার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা। একসময় জীবিকা নির্বাহের জন্য রাস্তায় মানুষের কাছে হাত পাতা কিংবা বাস-ট্রেনে চাঁদা তোলার সঙ্গে যুক্ত থাকলেও এখন তাঁরা শিক্ষা ও আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকছেন। ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ এবং নিজস্ব উদ্যোগে কাজের মাধ্যমে বদলে যাচ্ছে তাঁদের জীবনযাত্রা।

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ায় তাঁদের জন্য চালু হয়েছে বিশেষ কোরআন শিক্ষার কার্যক্রম। ঢাকার কামরাঙ্গীরচরের ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’র আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় আলেম সমাজের উদ্যোগে এবং মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদের সহযোগিতায় প্রতিদিন রাতে বসে কোরআন পাঠের আসর।

রাতে বসে কোরআন শিক্ষার আসর
গুরুমাতা মৌ রানীর বাড়িতে শিক্ষক সুলতান আহম্মেদের তত্ত্বাবধানে চলছে এই শিক্ষা কার্যক্রম। সেখানে অংশ নেওয়া শিক্ষার্থীদের আরবি বর্ণমালা, কোরআন পাঠ, ইসলামী আদব-কায়দা ও নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকার পর নিয়মিত কোরআন শেখার সুযোগ পেয়ে আনন্দিত তাঁরা। তাঁদের ভাষ্য, ধর্মীয় শিক্ষা ও ভালো উপদেশ তাঁদের কথা বলার ধরন এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনছে। পাশাপাশি মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের অভ্যাসও গড়ে উঠছে। এই শিক্ষার্থীদের একজন জেসমিন বলেন, ‘হুজুর কোরআন পড়ানোর পাশাপাশি ভালো উপদেশ দেন। আমরা এখন সালাম দিয়ে মানুষের সঙ্গে কথা বলি। মানুষও আমাদের সম্মান দেয়। এটা খুব ভালো লাগে।’

ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মকর্মসংস্থানে
শুধু ধর্মীয় শিক্ষায় নয়, জীবিকার ক্ষেত্রেও নিজেদের পরিবর্তনের চেষ্টা করছেন তাঁরা। মানুষের কাছে হাত পাতা কিংবা বাস-ট্রেনে চাঁদা তোলার পরিবর্তে নিজেদের শ্রমে উপার্জনের পথ বেছে নিয়েছেন অনেকে।

মৌ রানীর বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁস-মুরগি ও গরুর খামার। পাশাপাশি জমিতে ধান চাষ করছেন তাঁরা। সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে সেলাই ও পশুপালনের মতো কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তুলছেন। সরকারি মাসিক ভাতা ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগও তাঁদের এই যাত্রায় সহায়তা করছে। গুরুমাতা মৌ রানী বলেন, ‘আমরা এখন চাঁদা তুলি না। হাঁস, মুরগি, গরু পালন করি। চাষাবাদ করি। সমাজসেবাসহ বিভিন্ন সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করছি। আমরাও এখন সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই।’

দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ
লিঙ্গের জনগোষ্ঠীর এই পরিবর্তন স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ বাড়লে এই জনগোষ্ঠীর সদস্যদের সামাজিক অন্তর্ভুক্তি এবং জীবনমান উন্নয়নের পথ আরও প্রসারিত হবে।

উদ্যোক্তা মুফতি মাওলানা আব্দুর রহমান আজাদ বলেন, হিজড়া জনগোষ্ঠীর জন্য সারা দেশে ৫৭টি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁদের দেশের বোঝা না বানিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম বলেন, তৃতীয় লিঙ্গের মানুষও নাগরিক হিসেবে সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন। তাঁদের কর্মক্ষম করে তুলতে এবং সঠিক দিকনির্দেশনা দিতে চেষ্টা অব্যাহত রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক মিরাজুল ইসলাম বলেন, নৈতিকতা প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের এই উদ্যোগ গাইবান্ধার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। নিজেদের শ্রম ও দক্ষতার মাধ্যমে সম্মানজনক জীবন গড়ার প্রত্যাশা এখন তাঁদের।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!