নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাসপাতালে আসেন না চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী—এমন অভিযোগ উঠেছে বরগুনার আমতলী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওষুধের সংকট, সুপেয় পানির অভাব ও জনবল ঘাটতি। সব মিলিয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টায় অফিস শুরুর সময় নির্ধারিত থাকলেও সকাল ৯টা পেরিয়ে যায়। তখনো হাসপাতালে কোনো চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর উপস্থিতি দেখা যায়নি। অথচ ওই সময় হাসপাতালটিতে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি ছিলেন।
ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে
হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, চিকিৎসকেরা নিয়মিত ও সময়মতো আসেন না। আবার হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধও পর্যাপ্ত পাওয়া যায় না। ফলে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাঁদের।
জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আবু সুফিয়ান বলেন, পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসক তাঁকে কয়েকটি ওষুধ লিখে দিলেও হাসপাতাল থেকে শুধু নাপা দেওয়া হয়েছে। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও যদি প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তাহলে সেখানে আসার লাভ কী? বরং বাইরে চিকিৎসক দেখালেই হতো। নাসির নামের এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের পরিবেশ ভালো নয়। এর ওপর পানিরও ব্যবস্থা নেই। প্রয়োজনীয় সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
চারটি নলকূপই অকেজো, পানির সংকট
চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটিতে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। হাসপাতাল চত্বরে থাকা চারটি নলকূপই দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে রোগী ও তাঁদের স্বজনদের বাইরে থেকে পানি কিনে পান করতে হচ্ছে। কেউ কেউ আশপাশের বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করছেন।
এক রোগীর স্বজন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে খাবার পানির মতো মৌলিক সুবিধাটুকুও পাওয়া যাচ্ছে না। চারটি নলকূপ থাকলেও একটিও ব্যবহার করা যাচ্ছে না। অসুস্থ রোগী ও তাঁদের স্বজনদের জন্য বিষয়টি খুবই কষ্টকর। দ্রুত নলকূপগুলো সচল করে সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
জনবল সংকটেও ব্যাহত সেবা
হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহলও। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান সালেহ বলেন, হাসপাতালে যেসব অনিয়ম ও ঘাটতি রয়েছে, সেগুলোর স্থায়ী সমাধান করা প্রয়োজন। রোগীরা যেন চিকিৎসাসেবা বা ওষুধের জন্য বাইরে যেতে বাধ্য না হন, সে ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
হাসপাতালের অনিয়ম ও সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. হিমেল পাল।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেউ ইচ্ছাকৃতভাবে দায়িত্বে অবহেলা করে দেরিতে উপস্থিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সুপেয় পানির সংকট প্রসঙ্গে তিনি জানান, হাসপাতালের বেশিরভাগ নলকূপই অগভীর হওয়ায় সেগুলোতে পানি ওঠে না। এ সমস্যা সমাধানে সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই সমস্যার সমাধান হবে।
জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে ৩১টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১০ জন। ৩৮টি নার্সের পদের বিপরীতে আছেন ৩০ জন। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, হাসপাতালে কোনো মেডিকেল টেকনোলজিস্ট নেই। এ ছাড়া আধুনিক ডিজিটাল যন্ত্রপাতিরও প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
চিকিৎসক ও কর্মচারীদের সময়মতো উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা এবং জনবল সংকটের সমাধান—এসব দাবি এখন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের। কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
কালের আলো/এসকে/এমএসআইপি
