Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

টাঙ্গাইল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৫৭ এএম

২৫ টাকার মজুরিতে টিকছে না তাঁতিদের সংসার

টাঙ্গাইল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৫৭ এএম

২৫ টাকার মজুরিতে টিকছে না তাঁতিদের সংসার

একসময় নিপুণ কারুকাজ, বাহারি নকশা ও মানসম্মত বুননের জন্য দেশজুড়ে পরিচিত ছিল টাঙ্গাইলের শাল ও চাদর। পর্যটন এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাজারে ছিল এসব পণ্যের চাহিদা। কিন্তু কাঁচামালের মূল্যবৃদ্ধি, যান্ত্রিক পাওয়ার লুমের প্রভাব, দক্ষ শ্রমিক সংকট ও বাজারজাতকরণে দুর্বলতায় এখন অস্তিত্বের সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এই শিল্প। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি তাঁতিদের আয়। ফলে লোকসান সামলাতে না পেরে অনেকেই কারখানা বন্ধ করছেন, কেউ কেউ ছেড়ে দিচ্ছেন বংশপরম্পরায় চলে আসা পেশা।

৮০ কারখানার ৭০টিই বন্ধ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদী গ্রামে একসময় প্রায় ৮০টি তাঁত কারখানা সচল ছিল। বর্তমানে এর মধ্যে ৭০টিই বন্ধ হয়ে গেছে। কাঁচামালের দাম বৃদ্ধি, পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতা এবং দক্ষ কারিগরের অভাবকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লোকসানের আশঙ্কায় নতুন করে বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

বাথুলি সাদী ছাড়াও কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় শাল-চাদর তৈরির কারখানা রয়েছে। জিআই স্বীকৃত টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি এসব শাল-চাদরেরও রয়েছে দেশজুড়ে পরিচিতি। তবে সময়ের সঙ্গে উৎপাদন ও বাজারের প্রতিকূলতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁতিরা।

নকশা ও উপকরণে রয়েছে বৈচিত্র্য
টাঙ্গাইলের তাঁত কারখানায় সুতা, বুনন পদ্ধতি ও নকশার ভিন্নতায় প্রধানত ছয় ধরনের শাল ও চাদর তৈরি হয়। এর মধ্যে বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠী নকশার চাদর উল্লেখযোগ্য।

হালকা শীতের জন্য তৈরি হয় খাঁটি সুতির চাদর। তীব্র শীতের উপযোগী উলের শাল ও চাদর তৈরি করা হয় শতভাগ উল বা পশমি সুতা দিয়ে। আবার সুতির সঙ্গে সিল্ক কিংবা কৃত্রিম সুতা মিশিয়ে তৈরি হয় মসৃণ ও চকচকে চাদর।

এ ছাড়া জামদানি বা জ্যাকার্ড তাঁতে নকশা করা শাল, একরঙা জমিনে চিকন পাড়ের চাদর এবং ব্লক প্রিন্ট, বাটিক ও সুতার এমব্রয়ডারির কাজ করা আধুনিক শালও তৈরি হয় এখানে।

নারীদের ফ্যাশনেবল শাল সাধারণত দুই থেকে আড়াই হাত চওড়া এবং চার থেকে পাঁচ হাত লম্বা হয়। পুরুষদের জন্য তৈরি কিং সাইজ চাদর চার হাত চওড়া ও সাত থেকে নয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। মান ও হাতের কাজের সূক্ষ্মতা অনুযায়ী এসব পণ্যের দাম ৭০০ থেকে ৩ হাজার টাকা।

উৎপাদন খরচ বাড়ছে, বন্ধ হচ্ছে তাঁত
বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম জানান, সুতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আগের মতো ব্যবসায় লাভ থাকছে না। ব্যাংক ও উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেও কিস্তি পরিশোধের পর পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে চালু রয়েছে মাত্র ২২টি।

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। অথচ এ শিল্পের প্রসারে কার্যকর উদ্যোগ নেই। টাঙ্গাইলের শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া এবং স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করা গেলে শিল্পটি টিকিয়ে রাখা সম্ভব।

বাদল মিয়া জানান, তাঁর দুটি কারখানায় আটটি পাওয়ার লুম ও ছয়টি খটখটি তাঁত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

২৫ টাকার মজুরিতে চলছে শ্রমিকের জীবন
কারখানা মালিকদের পাশাপাশি সংকটে পড়েছেন শাল-চাদর তৈরির কারিগররাও। স্বল্প মজুরি ও আয়বৈষম্যের কারণে তাঁদের অনেকের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা প্রায় ২০টি চাদর বুনতে পারেন। প্রতিটি চাদরের বিপরীতে মজুরি পান মাত্র ২৫ টাকা।

অন্যদিকে, খটখটি তাঁতে দিনে সর্বোচ্চ ছয় থেকে সাতটি চাদর তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে প্রতিটি চাদরের জন্য মজুরি পাওয়া যায় ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারদরে এই আয় দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন। তাই অনেক কারিগর বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এতে একদিকে যেমন দক্ষ শ্রমিকের সংকট বাড়ছে, অন্যদিকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে ঐতিহ্যবাহী বুননশিল্পের অভিজ্ঞতাও।

সরকারি সহায়তা বাড়ানোর দাবি
বাংলাদেশ তাঁত বোর্ডের টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, কাঁচামালের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারছেন না অনেক তাঁত মালিক। লোকসানের মুখে কেউ কেউ কারখানা বন্ধ করে অন্য পেশায় চলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।

তাঁতিদের মতে, স্বল্প সুদে ঋণ, কাঁচামালের সহজলভ্যতা, দক্ষ কারিগর ধরে রাখার ব্যবস্থা এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া না হলে টাঙ্গাইলের শাল-চাদর শিল্পের সংকট আরও গভীর হবে। একসময় যে শিল্পের পরিচিতি ছিল দেশজুড়ে, সেই শিল্পই এখন টিকে থাকার লড়াই করছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!