Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৩ এএম

রাজনৈতিক তদবিরে ছাড়া পায় অবৈধ অটোরিকশা?

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৩ এএম

রাজনৈতিক তদবিরে ছাড়া পায় অবৈধ অটোরিকশা?

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে তিন চাকার সিএনজি ও অটোরিকশার অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অনুমোদন ও চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে মহাসড়কে যাত্রী ওঠানামা, হঠাৎ ইউটার্ন, ওভারটেকিং এবং যত্রতত্র গাড়ি থামানোর ঘটনা নিয়মিত ঘটছে। এতে দ্রুতগতির বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছে, ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও নিয়মিত নজরদারির অভাবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।

যত্রতত্র যাত্রী ওঠানামা, বাড়ছে ঝুঁকি
সরেজমিনে দেখা যায়, চন্দনাইশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়কের পাশে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। কোথাও একাধিক অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে, আবার যাত্রী পাওয়ার আশায় কিছু চালক ব্যস্ত সড়কেই হঠাৎ গতি কমিয়ে দিচ্ছেন কিংবা থামছেন।

এতে পেছন থেকে আসা বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে বাজার, মোড় ও সংযোগ সড়কের মুখে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কিছু চালক ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতা করে যাত্রী তোলার চেষ্টা করেন। এতে যানজটের পাশাপাশি পথচারী ও অন্য যানবাহনের চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

অভিযানে আটক গাড়ি ছাড়াতে তদবিরের অভিযোগ
মহাসড়কে নিয়ম ভঙ্গ করে অটোরিকশা চলাচল করলেও কার্যকর নিয়ন্ত্রণ না থাকার কারণ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন ব্যক্তির অভিযোগ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে অভিযান চালিয়ে অবৈধ গাড়ি আটক করলে রাজনৈতিক নেতা পরিচয়ে তদবির করে সেগুলো ছাড়িয়ে নেওয়া হয়। এ কারণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে বলে তাঁদের দাবি।

স্থানীয়দের প্রশ্ন, মহাসড়কে নিয়ম ভঙ্গ করে যানবাহন চলাচল করলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব কার? দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরির পর সাময়িক অভিযান চালানো হলেও নিয়মিত নজরদারি না থাকায় কিছুদিন পর আবার আগের পরিস্থিতি ফিরে আসে।

নিয়মিত নজরদারি ও অভিযান চান স্থানীয়রা
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। দ্রুতগতির বাস ও ভারী ট্রাকের সঙ্গে তিন চাকার অটোরিকশার গতি ও আকারের পার্থক্য থাকায় সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দাবি, মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরানোর পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

শিগগির অভিযানের আশ্বাস পুলিশের
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, মহাসড়ককে যানজটমুক্ত রাখতে তাঁরা বদ্ধপরিকর। তবে টহল ডিউটির একটি গাড়ি নষ্ট থাকায় কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছে। শিগগিরই অবৈধ যানবাহন এবং তিন চাকার অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

তবে স্থানীয়দের প্রশ্ন, শুধু আশ্বাস কিংবা মাঝেমধ্যে অভিযান নয়, মহাসড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে? দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার দাবি তাঁদের।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!