Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

জামালপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:০৯ এএম

চিনির দাম নিয়ে বিপাকে জামালপুরের সুগার মিল

জামালপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:০৯ এএম

চিনির দাম নিয়ে বিপাকে জামালপুরের সুগার মিল

বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। অথচ জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে একই চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে। বাজারদরের চেয়ে বেশি হওয়ায় মিলের চিনি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ডিলাররা। ফলে গুদামে পড়ে আছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ও ৯০০ মেট্রিক টন চিটাগুড়। সব মিলিয়ে প্রায় ৪৮ কোটি টাকার পণ্য অবিক্রীত থাকায় আটকে আছে মিলের বিপুল অর্থ।

সামনে নতুন মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। এর আগে পুরোনো মজুদ বিক্রি না হওয়ায় নতুন উৎপাদিত চিনি সংরক্ষণ এবং আখচাষিদের পাওনা পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডিলাররা বলছেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ না করলে মিলের চিনি বিক্রি করা কঠিন। তবে কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুম শুরুর আগেই বর্তমান মজুদের বেশিরভাগ বিক্রি হয়ে যাবে।

গুদামে ৪৭ কোটি ৬০ লাখ টাকার পণ্য
জিল বাংলা সুগার মিলস লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ১ হাজার ৮৬৮ মেট্রিক টন। অবিক্রীত রয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি, যার মূল্য ৪৫ কোটি ২২ লাখ টাকা।

এ ছাড়া ৯০০ মেট্রিক টন চিটাগুড় অবিক্রীত রয়েছে। এর মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে ৪৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার চিনি ও চিটাগুড় এখনও বিক্রি করতে পারেনি মিল কর্তৃপক্ষ।

দাম বেশি হওয়ায় চিনি তুলছেন না ডিলাররা
ডিলারদের ভাষ্য, খোলাবাজারে প্রতি কেজি চিনি ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। সেখানে মিল থেকে ১২৫ টাকা দরে চিনি কিনে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে বিক্রি করলে লোকসান গুনতে হবে। এ কারণে বরাদ্দ থাকলেও অনেক ডিলার চিনি তুলছেন না।

দেওয়ানগঞ্জের কাদের এন্টারপ্রাইজের ডিলার আব্দুল কাদের বলেন, সরকারি চিনির দাম কেজিতে ১২৫ টাকা। অথচ বাজারে ১০০ থেকে ১০৫ টাকায় চিনি বিক্রি হচ্ছে। ফলে মিল থেকে চিনি তুললে লোকসান হবে। এ কারণে তাঁরা চিনি নিচ্ছেন না।

সাত্তার অ্যান্ড সন্সের ডিলার আব্দুস সাত্তার বলেন, একাধিক বরাদ্দের বিপরীতে চিনি তুললে প্রতিবারই লোকসানের আশঙ্কা থাকে। প্রতিটি বরাদ্দে প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত লোকসান হতে পারে। তাই তাঁরা লোকসান এড়াতে বরাদ্দের চিনি না তুলে অন্য মিলের চিনি বিক্রি করছেন। তাঁর মতে, চিনির দাম কমানো হলে বিক্রি বাড়তে পারে।

ডিলারদের এমন অনাগ্রহে মিলের বিপণন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বরাদ্দ থাকার পরও চিনি না তোলায় গুদামে জমছে অবিক্রীত পণ্যের পরিমাণ।

পাওনা নিয়ে দুশ্চিন্তায় আখচাষিরা
চিনি বিক্রি না হওয়ায় শুধু মিল কর্তৃপক্ষ নয়, উদ্বিগ্ন আখচাষিরাও। তাঁদের আশঙ্কা, উৎপাদিত চিনি বিক্রি না হলে মিলের হাতে নগদ অর্থের সংকট তৈরি হতে পারে। এতে সরবরাহ করা আখের মূল্য পেতেও বিলম্ব হতে পারে।

মলমগঞ্জ এলাকার কৃষক সোবাহান মণ্ডল বলেন, সুগার মিলের চিনি বিক্রি হচ্ছে না বলে তাঁরা শুনেছেন। এতে তাঁদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। কারণ চিনি বিক্রি না হলে মিল কর্তৃপক্ষ কৃষকদের পাওনা পরিশোধ করতে সমস্যায় পড়তে পারে। আরেক কৃষক হায়দর আলী বলেন, কৃষিকাজে তাঁদের অনেক খরচ। মিলের চিনি বিক্রি না হলে আখের দাম ও পুঁজির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এতে তাঁরা বিপদে পড়বেন।

চাষিদের আশঙ্কা, নতুন মৌসুমে আখ সরবরাহের পরও সময়মতো পাওনা না পেলে ভবিষ্যতে আখ চাষে আগ্রহ কমে যেতে পারে। এতে দীর্ঘ মেয়াদে মিলের কাঁচামাল সংগ্রহেও প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।

নতুন মৌসুমের আগে মজুদ বিক্রির আশা কর্তৃপক্ষের
অবিক্রীত চিনির কারণে নতুন মাড়াই মৌসুমের উৎপাদন ও সংরক্ষণে সমস্যা হবে না বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, গুদামে পর্যাপ্ত জায়গা রয়েছে। নতুন মৌসুম শুরুর আগেই বর্তমান মজুদের বেশিরভাগ চিনি বিক্রি হয়ে যাবে।

জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌসুল আলম বলেন, বর্তমানে তাঁদের গুদামে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আগামী মাড়াই মৌসুম শুরুর আগেই মজুদের সব চিনি বিক্রি হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। বিষয়টি সদর দপ্তরকেও জানানো হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম বলেন, আগামী মাড়াই মৌসুম শুরুর আগে বেশিরভাগ চিনি বিক্রি হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। গুদামে পর্যাপ্ত জায়গা থাকায় নতুন উৎপাদিত চিনি সংরক্ষণে সমস্যা হবে না।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলস লিমিটেড এ পর্যন্ত ৬৭টি মাড়াই মৌসুম সম্পন্ন করেছে। চলতি বছরের ২৭ নভেম্বর ৫ হাজার ৩৯০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ৬৮তম মাড়াই মৌসুম শুরুর কথা রয়েছে। নতুন মৌসুমের আগে অবিক্রীত পণ্য বিক্রি এবং ডিলারদের আগ্রহ ফেরানোই এখন মিল কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!