প্রতিষ্ঠার পর ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়। পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে একে একে বিলীন হয়েছে বিদ্যালয়ের জমি, ভবন ও অবকাঠামো। বারবার বদলাতে হয়েছে ঠিকানা। কখনো চেয়ার-টেবিল, কখনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নতুন আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে শিক্ষক-কর্মচারীদের। এত প্রতিকূলতার মধ্যেও বন্ধ হয়নি পাঠদান। তবে শিক্ষার্থী কমে যাওয়া, অবকাঠামোগত সংকট এবং নতুন করে নদীভাঙনের আশঙ্কায় এবার অস্তিত্বের সংকটে পড়েছে চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বছরে ৪ হাজার টাকা ভাড়ায় চলছে স্কুল
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত দুর্গম জনপদ চর নাসিরপুর ইউনিয়ন। যোগাযোগব্যবস্থার দুরবস্থা, দারিদ্র্য ও প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এখানকার মানুষের জীবন চলে। এই জনপদের শিক্ষার আলো ছড়াতে ১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈ প্রতিষ্ঠা করেন চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে দুটি টিনের ঘরে চলছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ। নদীভাঙনে বিদ্যালয়ের নামে থাকা নিজস্ব জমি বিলীন হয়ে যাওয়ায় অন্যের জায়গা বছরে ৪ হাজার টাকা ভাড়ায় নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু এবারের ভাঙনে নদী বিদ্যালয়ের সীমানার খুব কাছে চলে এসেছে। ভাঙন অব্যাহত থাকলে আগামী বছর বর্তমান ঠিকানায় বিদ্যালয়টি থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই পদ্মার ভাঙনে বিদ্যালয়টিকে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হলেও স্থায়ী অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং পাশের নারিকেলবাড়িয়া ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি ছিল। নদীভাঙনে সেসব জমিও বিলীন হয়ে গেছে।
একসময় ২৫০, এখন শিক্ষার্থী মাত্র ১০০
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, চর নাসিরপুর উচ্চ বিদ্যালয় মানেই এক বছর এপারে, পরের বছর অন্য পাড়ে কিংবা অন্য কোনো ঠিকানায়। এভাবেই ঘুরেফিরে চরাঞ্চলে থাকতে হচ্ছে। ২০১৯ সাল থেকে বর্তমান জায়গায় বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এ জন্য বছরে ৪ হাজার টাকা ভাড়া দিতে হয়। নদী যেভাবে কাছে চলে এসেছে, তাতে আগামী বছর এখানে থাকা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও এ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন, সচিব শামছুল আলম হিরন মিয়া, পিজি হাসপাতালের প্রশাসনিক পরিচালক মাসুদ উদ্দিন, সচিব নওফেল কাড়াল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, শোভা কাজী ও বুয়েটের সহযোগী অধ্যাপক এস এম সায়েম।
তবে একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা বিদ্যালয়টিতে এখন শিক্ষার্থী কমছে। কয়েক বছর আগেও যেখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ছিল, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১০০ জনে। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, দারিদ্র্য ও শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতায় শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
এসএসসির ফলেও পড়েছে প্রভাব
শিক্ষার্থী কমার পাশাপাশি এসএসসি পরীক্ষার ফলেও নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। প্রধান শিক্ষক জানান, ২০২৫ সালে বিদ্যালয় থেকে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৯ জন। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় মাত্র সাতজন। তাদের মধ্যে পাস করেছে দুজন।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল হক জানায়, তাদের শ্রেণিতে ২৮ জন শিক্ষার্থী রয়েছে। সেদিন উপস্থিত ছিল ২৩ জন। বর্ষাকালে কাদা ও পানির কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হয়। তবুও তারা নিয়মিত ক্লাসে আসার চেষ্টা করে।
বারবার নদীতে বিলীন হয়েছে বিদ্যালয়ের ঘর
বিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরী রুস্তম আলী মুন্সী জানান, তিনি ৩৬ বছর ধরে এখানে চাকরি করছেন। এই সময়ে ১১ বার বিদ্যালয়টি নদীভাঙনের শিকার হয়েছে। কয়েকবার শুধু কাগজপত্র ও চেয়ার-টেবিল সরানো সম্ভব হয়েছে, কিন্তু বিদ্যালয়ের ঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবারই স্থানীয় মানুষ নতুন করে বিদ্যালয় চালুর জন্য জায়গা দিয়েছেন।
অফিস সহকারী সিরাজুল ইসলাম বলেন, ১৪ বছরের চাকরিজীবনে সাতবার বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়েছে। একবার ট্রলারে মালামাল নিয়ে যাওয়ার সময় দুই বস্তা কাগজপত্র নদীতে পড়ে যায়। এতে দাপ্তরিক কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
দারিদ্র্য ও স্থানান্তরে বাড়ছে ঝরে পড়া
চর নাসিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, চর নাসিরপুর উচ্চ বিদ্যালয় চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। ২২ বার নদীভাঙনের শিকার হয়েও শিক্ষক-শিক্ষার্থীরা মনোবল হারাননি। নদীভাঙনের কারণে এলাকার অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। মাছ শিকার ও কৃষিকাজ তাঁদের প্রধান জীবিকা। এ কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে। আবার এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যালয় স্থানান্তর হওয়ায় অনেকে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে।
উন্নয়ন হলেও স্থায়ী সমাধান নেই
সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়টি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা থাকলেও নদীভাঙনের কারণে স্থায়ী উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ করা হয়েছে। বিদ্যালয়ের মেঝে পাকা করার পাশাপাশি জানালা-দরজা মেরামত করা হয়েছে। এর আগে হাফেজ উদ্দিন কান্দিতে বিদ্যালয়ের একটি দোতলা ভবন ছিল। পদ্মার ভাঙনে সেটিও বিলীন হয়ে গেছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, নদীভাঙনের সঙ্গে লড়াই করেই বিদ্যালয়টি শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত অর্থবছরেও অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি ওয়াশব্লক নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে নদী বিদ্যালয়ের খুব কাছে চলে এসেছে। আগামী কয়েক বছর বর্তমান ঠিকানায় প্রতিষ্ঠানটি টিকে থাকবে কি না, তা বলা কঠিন।
তিনি আরও বলেন, নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর—এই দুই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়। নদীভাঙনের সঙ্গে লড়াই করেই এটি চরাঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে টিকে আছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বারবার ঠিকানা হারানো বিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। নদী কেড়ে নিয়েছে বিদ্যালয়ের জমি, ভবন ও স্থায়ী ঠিকানা। কমেছে শিক্ষার্থীর সংখ্যাও। তবু শিক্ষক ও স্থানীয়দের প্রচেষ্টায় থেমে থাকেনি পাঠদান।
তাঁদের প্রত্যাশা, নদীভাঙনের অনিশ্চয়তা থেকে বিদ্যালয়টিকে রক্ষা করতে দ্রুত স্থায়ী ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা হবে। তা না হলে ৮৪ বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশাপাশি চরাঞ্চলের বহু শিক্ষার্থীর শিক্ষার সুযোগও অনিশ্চয়তায় পড়বে।
কালের আলো/এসকে/এমএসআইপি
