সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি বাড়ানোর পাশাপাশি অ্যাকাউন্টের সত্যতা প্রমাণ করতেও গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামের ব্লু টিক। অনেকের ধারণা, এই বিশেষ চিহ্ন পেতে হলে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিতে হয়। তবে বিষয়টি পুরোপুরি ঠিক নয়। ইনস্টাগ্রামে এমন একটি প্রচলিত ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে, যেখানে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে বিনামূল্যেও অ্যাকাউন্ট যাচাইয়ের আবেদন করা যায়। এজন্য প্রয়োজন প্রকৃত পরিচয়, সম্পূর্ণ প্রোফাইল এবং জনপরিচিতির প্রমাণ।
ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার দুটি পদ্ধতি
ইনস্টাগ্রামে ব্লু টিক পাওয়ার মূলত দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো মেটা ভেরিফায়েড। এটি একটি পেইড সাবস্ক্রিপশন পরিষেবা, যার জন্য ব্যবহারকারীকে মাসিক ফি দিতে হয়। অন্যদিকে রয়েছে ইনস্টাগ্রামের প্রচলিত ভেরিফিকেশন ব্যবস্থা। এ পদ্ধতিতে নির্দিষ্ট যোগ্যতা ও পরিচিতির ভিত্তিতে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্র্যান্ডের অ্যাকাউন্ট যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় মাসিক সাবস্ক্রিপশন ফি প্রয়োজন হয় না।
বিনামূল্যে ব্লু টিক পেতে যেসব যোগ্যতা লাগবে
ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্টে ব্লু টিক দেয় না। ভেরিফিকেশনের জন্য প্রথমেই অ্যাকাউন্টের প্রকৃত পরিচয় নিশ্চিত হতে হয়। অ্যাকাউন্টটি কোনো বাস্তব ব্যক্তি, নিবন্ধিত ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হতে হবে। ভুয়া পরিচয় বা ছদ্মনামে খোলা অ্যাকাউন্ট সাধারণত এ ক্ষেত্রে যোগ্যতা অর্জন করে না।
পাশাপাশি অ্যাকাউন্টটির স্বতন্ত্র পরিচিতি থাকতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় বহন করে—এমন অ্যাকাউন্টকে গুরুত্ব দেওয়া হয়। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টের পরিবর্তে সাধারণত একটি অ্যাকাউন্টকে ভেরিফিকেশনের জন্য বিবেচনা করা হয়।
প্রোফাইলও হতে হবে সম্পূর্ণ ও স্বচ্ছ। অ্যাকাউন্টে নিজের ছবি বা প্রতিষ্ঠানের লোগো, পরিচিতিমূলক বায়ো এবং প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। অ্যাকাউন্টটি পাবলিক হওয়াও জরুরি। পাশাপাশি জনপরিচিতির বিষয়টিও বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যান্ড বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও খবর পরিচিতির প্রমাণ হিসেবে কাজে আসতে পারে। তবে শুধু বেশি ফলোয়ার থাকলেই ব্লু টিক পাওয়া যায় না।
যেভাবে বিনামূল্যে ব্লু টিকের জন্য আবেদন করবেন
আপনার অ্যাকাউন্ট প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ইনস্টাগ্রামের প্রচলিত ভেরিফিকেশন প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। এজন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি লাইনের মেনুতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশনে যেতে হবে। সেখানে ‘অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস’ অথবা প্রফেশনাল সেটিংসে থাকা ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশনটি খুঁজে নিতে হবে। অ্যাপের সংস্করণ অনুযায়ী অপশনের অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।
এরপর আবেদনপত্রে নিজের সম্পূর্ণ নাম, পরিচয় ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা গ্রহণযোগ্য সরকারি পরিচয়পত্রের ছবি জমা দিতে হতে পারে। জনপরিচিতির প্রমাণ হিসেবে স্বাধীন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা খবরের লিংক যুক্ত করা যেতে পারে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।
আবেদন করলেই কি মিলবে ব্লু টিক?
আবেদন জমা দেওয়ার পর ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করে। এরপর আবেদন অনুমোদিত হয়েছে নাকি বাতিল, তা জানিয়ে দেওয়া হয়। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করলেও ব্লু টিক পাওয়া নিশ্চিত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
তাই ভেরিফিকেশনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দিয়ে ব্লু টিক কেনার চেষ্টা না করে সরাসরি ইনস্টাগ্রামের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করাই নিরাপদ। মনে রাখতে হবে, ব্লু টিক পাওয়ার ক্ষেত্রে অনুসারীর সংখ্যা নয়, বরং প্রকৃত পরিচয়, স্বতন্ত্রতা, প্রোফাইলের পূর্ণতা ও জনপরিচিতি গুরুত্বপূর্ণ।
কালের আলো/এসএ/এসএআর
