Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪১ এএম

৯ বছরেই বিয়ের পিঁড়িতে, কয়রায় শিশুদের সংসার

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:৪১ এএম

৯ বছরেই বিয়ের পিঁড়িতে, কয়রায় শিশুদের সংসার

যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে শিশুদের। খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন গোবরা গুচ্ছগ্রামে ৯ থেকে ১২ বছর বয়সেই অনেক কিশোরীর বিয়ে হচ্ছে। কারও সংসার টিকছে না, কেউ ফিরে আসছে বাবার বাড়িতে। আবার কেউ অল্প বয়সেই মা হয়ে সামলাচ্ছে সংসার। এমনকি মাত্র ১৫ বছর বয়সে এক কিশোরীর চতুর্থ বিয়ের ঘটনাও ঘটেছে।

গোবরা গুচ্ছগ্রামে প্রায় ২২০টি পরিবারের বসবাস। নদী, বন ও প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এসব পরিবারের অনেক শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে বিয়ের বন্ধনে। একই চিত্র দেখা গেছে কয়রা সদরের মদিনাবাদ গুচ্ছগ্রামেও। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাঁচটি গুচ্ছগ্রামেই কমবেশি বাল্যবিবাহের ঘটনা রয়েছে।

১০ বছরেই বিয়ে, ভেঙেছে একাধিক সংসার
গোবরা গুচ্ছগ্রামের এক শিশুর বিয়ে হয়েছে মাত্র ১০ বছর বয়সে। স্কুলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ইটভাটার এক শ্রমিকের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শিশুটির বাবা মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। মা গুচ্ছগ্রামেই থাকেন। অভাব-অনটন ও পারিবারিক অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা শিশুটির জীবনে বিয়েই হয়ে উঠেছে নতুন বাস্তবতা।

গুচ্ছগ্রামের আরেক বাসিন্দার বিয়েও হয়েছিল অল্প বয়সে। তবে সেই সংসার টেকেনি। বিচ্ছেদের পর তাকে ফিরে আসতে হয়েছে বাবার বাড়িতে।

আরেক কিশোরীর অভিজ্ঞতা আরও করুণ। মাত্র ১২ বছর বয়সে প্রথম বিয়ে হয় তার। কয়েক মাসের মধ্যেই রান্না করতে না পারা ও সংসারের কাজকর্ম ঠিকমতো বুঝতে না পারার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন তাকে বের করে দেন। পরে সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এরপর আবার বিয়ে দেওয়া হলেও দ্বিতীয় সংসারও টেকেনি। এভাবে একের পর এক বিয়ে ও বিচ্ছেদের মধ্য দিয়ে মাত্র ১৫ বছর বয়সে তার চতুর্থ বিয়ে হয়েছে।

কিশোর ছেলেরাও বিয়ে করছে অল্প বয়সে
নয়, গুচ্ছগ্রামের কিশোর ছেলেরাও অল্প বয়সে বিয়ে করে সংসার শুরু করছে। গোবরা গুচ্ছগ্রামের এক কিশোরের বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিয়ে করে সংসার করছেন তিনি। অল্প বয়সে বিয়ে, সংসারের দায়িত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে কিশোর-কিশোরীদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সংকুচিত হচ্ছে।

দারিদ্র্যকে বিয়ের অন্যতম কারণ বলছেন স্থানীয়রা
সম্প্রতি গোবরা গুচ্ছগ্রামে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গুচ্ছগ্রামগুলোতে বাল্যবিবাহের সুনির্দিষ্ট ও সমন্বিত কোনো পরিসংখ্যান নেই। তবে দারিদ্র্য, পারিবারিক ভাঙন, অভিভাবকহীনতা ও শিক্ষার অনিশ্চয়তা শিশুদের ঝুঁকি বাড়াচ্ছে।

গোবরা আলোকিত যুবসংঘের সভাপতি শাহরিয়ার আমিন বনি বলেন, তাঁরা ক্লাবের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালান। বিশেষ করে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও অল্প বয়সে বিয়ে না দেওয়ার বিষয়ে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এরপরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। এমনকি অল্প বয়সে অনেকে মা হচ্ছে, যার ফলে তাদের শারীরিক ও পারিবারিক নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাঁর মতে, মূলত অভাব-অনটনের কারণে অনেক পরিবার দ্রুত ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে।

বয়স গোপন করে বিয়ে নিবন্ধনের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, বাল্যবিবাহ নিরোধে আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নেই। বিয়ের সময় বয়স গোপন করে নিবন্ধনের অভিযোগও রয়েছে। তাঁদের দাবি, কিছু কাজির কাছে বিয়ের তথ্য লিপিবদ্ধ করার জন্য একাধিক বই থাকে। মূল নিবন্ধন বইয়ের পাশাপাশি কথিত অন্য একটি বইয়ে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের তথ্য রাখা হয়। পরে বয়স ১৮ বা ২১ বছর পূর্ণ হলে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর কম বয়সে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হয়। আইন অনুযায়ী, বাল্যবিবাহ সম্পাদন, আয়োজন ও নিবন্ধনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এত কম বয়সে বিয়ের ঘটনা ঘটলেও কীভাবে এসব বিয়ে সম্পন্ন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বয়স যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

জাতীয় জরিপেও উদ্বেগজনক চিত্র
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। এর মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। একই জরিপে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।

সুন্দরবন নিয়ে কাজ করা এক পরিবেশকর্মী বলেন, বাল্যবিবাহের পরিণতি শুধু একটি মেয়ের শৈশব হারিয়ে যাওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবিকার প্রশ্ন। অল্প বয়সে গর্ভধারণ ও সন্তান জন্মদানের কারণে কিশোরী মায়েদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। পাশাপাশি মানসিক চাপ, অপুষ্টি, সংসারে নির্যাতন ও দাম্পত্য জীবনে অস্থিরতার আশঙ্কাও তৈরি হয়।

জলবায়ুঝুঁকির সঙ্গে বাড়ছে শিশুদের অনিশ্চয়তা
সুন্দরবনসংলগ্ন কয়রা বাংলাদেশের অন্যতম জলবায়ুঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জীবিকার সংকট এখানকার মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সংকটের সঙ্গে দারিদ্র্য ও পারিবারিক অনিশ্চয়তা যুক্ত হলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিরাপদ শৈশব নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ে।

গোবরা ও মদিনাবাদ গুচ্ছগ্রামের ঘটনা তাই শুধু কয়েকটি পরিবারের ব্যক্তিগত সংকট নয়; এটি উপকূলের শিশু সুরক্ষা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার বড় প্রশ্ন সামনে এনেছে।

যেসব শিশুর স্কুলে যাওয়ার কথা, তারা কেন বিয়ের পিঁড়িতে বসছে? ৯-১০ বছরের শিশুদের বিয়ে কীভাবে সম্পন্ন হচ্ছে? এসব বিয়েতে বয়স যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী? স্থানীয় প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনপ্রতিনিধি ও শিশু সুরক্ষায় কাজ করা সংস্থাগুলোর নজরদারি কতটা কার্যকর? কয়রার গুচ্ছগ্রামগুলোতে বাল্যবিবাহের ধারাবাহিক ঘটনা এসব প্রশ্নের উত্তর দাবি করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!