শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম, ক্ষুধা, বিপাকক্রিয়া, যৌনস্বাস্থ্য থেকে শুরু করে মেজাজ ও মানসিক অবস্থার ওপরও প্রভাব ফেলে এসব রাসায়নিক উপাদান। বয়স, জীবনযাপন ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পুরুষের শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এর প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবন ও সামগ্রিক স্বাস্থ্যে।
পুরুষের শরীরে টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোন, ইনসুলিন ও কর্টিসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে বা কমে গেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা কমার প্রবণতা দেখা যায়।
যেসব লক্ষণ অবহেলা করা ঠিক নয়
হরমোনের ভারসাম্যহীনতা হলে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া এবং গরম বা ঠান্ডা সহ্য করতে অসুবিধা হওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। এ ছাড়া ঘুমের সমস্যা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, উদ্বেগ ও বিষণ্ণতার মতো সমস্যাও দেখা দিতে পারে। কারও কারও অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, ঘন ঘন প্রস্রাব, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলের পরিবর্তন, হৃদস্পন্দন ও রক্তচাপের অস্বাভাবিকতাও হতে পারে।
কেন হরমোনের ভারসাম্য নষ্ট হয়?
দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত ওজন হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা হরমোনের ভারসাম্য বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহার এবং হরমোন উৎপাদনকারী গ্রন্থির বিভিন্ন সমস্যাও এ ধরনের জটিলতা তৈরি করতে পারে। বয়স বৃদ্ধির সঙ্গে শরীরের হরমোন উৎপাদন ও কার্যক্রমেও পরিবর্তন আসে।
হরমোনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখবেন যেভাবে
শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। প্রতিদিনের খাদ্যতালিকায় সুষম খাবার ও পর্যাপ্ত প্রোটিন রাখা উচিত। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস এড়িয়ে চলাও সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
শরীরে এসব লক্ষণ দেখা দিলেই যে হরমোনের ভারসাম্যহীনতা হয়েছে, তা নিশ্চিত নয়। তবে কোনো উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হলে কিংবা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক হরমোন পরীক্ষা বা অন্যান্য শারীরিক পরীক্ষা করাতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া হরমোনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। কারণ ভুলভাবে এসব গ্রহণ করলে শরীরে আরও জটিলতা তৈরি হতে পারে।
কালের আলো/এসএ/জেএন
