ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক, কোচ, রেফারি ও সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দেশটির ফুটবল লিগ কর্তৃপক্ষের নতুন নির্দেশনাকে বৈষম্যমূলক উল্লেখ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপ দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ফিফার নিজস্ব সংবিধান ও মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
গত মাসে ইরান ফুটবল লিগ অর্গানাইজেশনের পক্ষ থেকে সদস্য ক্লাবগুলোর কাছে পাঠানো একটি চিঠি প্রকাশ্যে আসে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর চিঠিটির সত্যতা যাচাই করে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এমন স্টেডিয়ামে পুরুষদের উপস্থিতি নিষিদ্ধ।
নির্দেশনায় স্বাক্ষর করেছেন লিগের সচিব মোহাম্মদ রেজা কেশাভারি-ফার্দ। এতে আরও সতর্ক করা হয়েছে, নির্দেশনা অমান্য করে কোনো ঘটনা ঘটলে তার সব ধরনের দায়ভার নিতে হবে ম্যাচ আয়োজনকারী ক্লাবকে।
আগের ব্যতিক্রমও বাতিল, আরও কঠোর বিধিনিষেধ
ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিধিনিষেধ রয়েছে। আগে সাধারণ পুরুষ দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা, খেলোয়াড়দের পরিবারের সদস্য, সংবাদকর্মী ও কারিগরি দলের সদস্যদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছিল। পরবর্তী সময়ে কিছু ম্যাচে সাধারণ পুরুষ দর্শকদেরও প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনায় সেই ব্যতিক্রমগুলোর সুযোগও বাতিল করা হয়েছে। ফলে নারীদের ম্যাচে শুধু পুরুষ দর্শক নয়, দায়িত্ব পালনের জন্য মাঠে থাকা পুরুষ কর্মকর্তা, রেফারি ও সাংবাদিকদের উপস্থিতিও বাধাগ্রস্ত হচ্ছে।
মানবাধিকারকর্মী ও ফুটবল সংশ্লিষ্ট সংগঠনগুলোর দীর্ঘদিনের চাপের মুখে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ইরানে পুরুষদের কিছু আন্তর্জাতিক বাছাইপর্বের ম্যাচ এবং গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে সীমিতসংখ্যক নারী দর্শক প্রবেশের সুযোগ পান। কিন্তু নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশাধিকার নিয়ে নতুন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফিফার সংবিধান লঙ্ঘনের আশঙ্কা
ফিফার সংবিধানে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ। বিশেষ করে স্টেডিয়ামে প্রবেশাধিকার থেকে কাউকে বঞ্চিত করা কিংবা এ ক্ষেত্রে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে। এমন বৈষম্যের জন্য সদস্য দেশ বা ফুটবল সংস্থার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বহিষ্কারের মতো ব্যবস্থার বিধানও রয়েছে।
২০১৭ সালে ফিফা মানবাধিকার নীতি গ্রহণ করে। ফুটবলের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারও করেছিল সংস্থাটি।
এ অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্স ফিফাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, ইরানের নতুন নির্দেশনা শুধু নারীদের অধিকার সংকুচিত করছে না, বরং ফুটবলে সমান অংশগ্রহণের মৌলিক নীতিকেও প্রশ্নের মুখে ফেলছে।
স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া ফ্লোরেন্স বলেন, ইরানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করার দীর্ঘ লড়াই এখনো শেষ হয়নি। এর মধ্যেই দেশটি নারীদের ফুটবলে নতুন করে বৈষম্য তৈরি করছে। এমনকি পুরুষ সাংবাদিক, রেফারি ও কোচদেরও নারীদের ম্যাচে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
নারী ডার্বির আগেই নতুন নির্দেশনা
ইরানের ফুটবল লিগ কর্তৃপক্ষের এই নির্দেশনা আসে দেশটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এস্তেগলাল ও পার্সেপোলিসের নারী দলের ঐতিহাসিক ডার্বির আগে। ইরানের পুরুষ ফুটবলের সবচেয়ে সফল দুই ক্লাবের নারী দল প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই ম্যাচে।
প্রথমে ২৩ অক্টোবর ম্যাচটি আয়োজনের কথা থাকলেও পাঁচ দিন পিছিয়ে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তেহরানের কেন্দ্র থেকে দূরে তুলনামূলক ছোট একটি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয় খেলা। ইরানে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ম্যাচটি আয়োজন করা হয় বুধবার, যা ছিল কর্মদিবস।
ঐতিহাসিক এই ম্যাচে ২-১ গোলে জয় পায় পার্সেপোলিস। তবে ম্যাচের আগে দুই দফায় টিকিট বিক্রি স্থগিত করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানানো হয়। নারী দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি থাকলেও গ্যালারিতে কোনো পুরুষকে দেখা যায়নি।
এই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল ইরানের পরিচিত পুরুষ রেফারি মোউদ বনিয়াদিফারের। ২০১৩ সাল থেকে তিনি ফিফার তালিকাভুক্ত রেফারি। কিন্তু নতুন নির্দেশনার কারণে শেষ পর্যন্ত ম্যাচ পরিচালনাকারী দলের অংশ হতে পারেননি তিনি।
ঐতিহাসিক ম্যাচ দেখতে মাঠে ভাইস প্রেসিডেন্ট
নারী ও পরিবারবিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজার ঐতিহাসিক এই ডার্বি দেখতে মাঠে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বেশি ইরানির জন্য এ ধরনের ম্যাচ দেখার সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ঐতিহাসিক এই ম্যাচে ইরানের নারী ফুটবলারদের অসাধারণ দক্ষতা ও নৈপুণ্য কাছ থেকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে নারী ফুটবলাররা বারবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
চার দশকের নিষেধাজ্ঞা, এখনো সীমিত নারীদের অধিকার
ইরানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল ১৯৮১ সাল থেকে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের দুই বছর পর কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে চার দশকের বেশি সময় ধরে আন্দোলন করেছেন নারী অধিকারকর্মীরা।
অনেক নারী পুরুষের ছদ্মবেশে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছেন। এ কারণে তাঁদের গ্রেপ্তার, মারধর ও জোরপূর্বক নির্বাসনের মতো ঘটনার মুখেও পড়তে হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে তেহরানে পার্সেপোলিস ও এস্তেগলালের পুরুষদের ডার্বিতে প্রথমবারের মতো নারী দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সেই সুযোগ এখনো সীমিত। টিকিটের সংখ্যা কম রাখা হয়, পুরুষদের থেকে আলাদা অংশে বসতে হয় নারী দর্শকদের। দেশটির বেশ কয়েকটি স্টেডিয়ামে এখনো নারীদের প্রবেশের অনুমতি নেই।
নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও আনুষ্ঠানিক কোনো আইনে অন্তর্ভুক্ত নয়। তবে দেশটির নৈতিকতা পুলিশ শরিয়াহ আইন প্রয়োগের নামে দীর্ঘদিন ধরে এ ধরনের বিধিনিষেধ কার্যকর করে আসছে।
নারীদের খেলাধুলার সুযোগও সংকুচিত হচ্ছে
ইরানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং দর্শক হিসেবে মাঠে যাওয়ার সুযোগ নতুন করে সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর থেকে রাজধানীর কেশভারি স্টেডিয়ামের খোলা ট্র্যাকে নারীদের দৌড়ানোর অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। স্টেডিয়াম ব্যবস্থাপনার সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর কিছুদিন পরই নারীদের ফুটবল ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের নির্দেশনা আসে।
হিউম্যান রাইটস ওয়াচের বৈশ্বিক উদ্যোগবিষয়ক পরিচালক মিনকি ওয়ার্ডেন বলেন, ইরানের ফুটবল ফেডারেশনকে প্রকাশ্য বৈষম্য চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে ফিফা নিজেদের মানবাধিকার নীতিই লঙ্ঘন করছে। তাঁর মতে, ইরানের নারী ফুটবলাররা এখন তাঁদের বাবা, ভাই কিংবা পুরুষ কোচদেরও মাঠে বসে খেলা দেখানোর সুযোগ পাচ্ছেন না।
তিনি আরও বলেন, ফিফার সংবিধানে স্টেডিয়ামে প্রবেশাধিকারের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ এবং এ ধরনের ঘটনার জন্য নিষেধাজ্ঞা কিংবা বহিষ্কারের বিধান রয়েছে। ২০১৭ সালে মানবাধিকার সুরক্ষায় যে অঙ্গীকার করেছিল ফিফা, এখন তা বাস্তবায়নের সময় এসেছে।
ওয়ার্ডেনের অভিযোগ, চার দশকের বেশি সময় ধরে ইরানের স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ফিফা দেশটির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং ফুটবল কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে সংস্থাটি। অথচ এসব কর্মকর্তার বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়া নারী ও মেয়েদের হয়রানি, মারধর ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে।
ফিফা এখনো আলোচনার পথেই থাকতে চায়
দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিফা তাদের বৈষম্যবিরোধী নীতিমালার কথা তুলে ধরে। একই সঙ্গে ইরানে পুরুষদের ফুটবল ম্যাচে নারীদের উপস্থিতির পক্ষে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আগের বক্তব্যের কথাও উল্লেখ করে সংস্থাটি।
২০২৩ সালে পুরুষদের ম্যাচে নারীদের সীমিত প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার পর ইনফান্তিনো এই অগ্রগতির কৃতিত্ব দিয়েছিলেন ফিফা ও ইরানের ফুটবল ফেডারেশনের মধ্যকার আলোচনাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন, দুই সংস্থার চলমান আলোচনার ফলে অগ্রগতি হচ্ছে।
ফিফার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র অবশ্য জানিয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পথেই এগোতে চায় সংস্থাটি। তাদের ধারণা, এভাবেই সবচেয়ে কার্যকর অগ্রগতি সম্ভব।
তবে স্পোর্ট অ্যান্ড রাইটস অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া ফ্লোরেন্স মনে করেন, বৈষম্য বন্ধে ফিফার জরুরি ভিত্তিতে নিজেদের প্রভাব কাজে লাগানো উচিত। অতীতে ইরানে নারী দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে ফিফা সফলভাবে চাপ প্রয়োগ করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক মানসুরেহ মিলসের মতে, নারীদের ম্যাচে পুরুষদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত ইরানি কর্তৃপক্ষের বৈষম্যমূলক অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। তাঁর আহ্বান, খেলাধুলা ও জনজীবনে নারী ও মেয়েদের সমান অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।
সব মিলিয়ে ইরানে নারীদের ফুটবলে অংশগ্রহণ ও দর্শক হিসেবে মাঠে যাওয়ার অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, শুধু বিবৃতি নয়, এবার ফিফাকে নিজেদের নীতিমালা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কালের আলো/এসএ/এএইচ













-20261121140412.jpg)






