Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ফেনী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:৫৯ এএম

ঘূর্ণিঝড় আকভান

টানা বৃষ্টিতে ফসলহানির শঙ্কায় ফেনীর কৃষক

ফেনী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:৫৯ এএম

টানা বৃষ্টিতে ফসলহানির শঙ্কায় ফেনীর কৃষক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফেনীর বিস্তীর্ণ মাঠের পাকা আমন ধান নুয়ে পড়েছে। অন্যদিকে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় আগাম শীতকালীন সবজির চারাও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা জেলার ছয় উপজেলার কৃষকেরা বিপাকে পড়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে ফেনীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত জেলায় টানা বৃষ্টিপাত হয়েছে।

জেলা আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেনীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

মাঠে পাকা ধান, ঘরে তোলার তাড়া
সরেজমিনে দেখা গেছে, ফেনীর বিস্তীর্ণ মাঠে আমন ধান পেকে কাটার উপযোগী হয়েছে। বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ের কাজও চলছে। এর মধ্যেই দমকা ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধান ভিজে নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

ক্ষতি এড়াতে অনেক কৃষক আধাপাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। তবে শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁদের সেই চেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে।

শীতকালীন সবজির চারাও ঝুঁকিতে
ফেনীর সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার কৃষকেরা আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে নিচু জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় এসব সবজির চারার গোড়া পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোনাগাজী ও পরশুরাম উপজেলার কয়েকজন কৃষক জানান, চড়া সুদে ঋণ নিয়ে এবং সার-বীজের বাড়তি দাম দিয়ে তাঁরা এবার আমন ও শীতকালীন সবজির আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা করেছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তাঁদের সেই আশায় বাধা হয়ে দাঁড়িয়েছে। জমিতে পানি জমে থাকলে সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, অনেক টাকা খরচ করে শীতকালীন সবজির আবাদ করেছেন তিনি। কিন্তু অসময়ের বৃষ্টিতে তাঁর বীজতলা ডুবে গেছে। বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে চারাগুলো পচে যাবে। এতে তাঁর মতো হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন।

একই এলাকার কৃষক মো. বাহার বলেন, তাঁর জমির ধান পেকে যাওয়ায় কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বৃষ্টিতে সব পরিকল্পনা ভেস্তে গেছে। দ্রুত জমির পানি না নামলে তাঁরা ক্ষতির মুখে পড়বেন।

ক্ষতি কমাতে কৃষকদের পরামর্শ
সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষি কর্মকর্তারা কয়েকটি পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, জমির আমন ধান ৮০ শতাংশ পেকে গেলেই আর অপেক্ষা না করে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। শীতকালীন সবজি ও রবিশস্যের জমি থেকে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আপাতত জমিতে কৃত্রিম সেচ ও সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।

ফেনী জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূল অতিক্রম করেছে। ফেনী উপকূলীয় এলাকা হওয়ায় এর প্রভাবে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!