Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৫৮ পিএম

৩০ নভেম্বরের মধ্যে চুক্তি, ১৪ মাসে পূর্ণাঙ্গ চালু

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৫৮ পিএম

৩০ নভেম্বরের মধ্যে চুক্তি, ১৪ মাসে পূর্ণাঙ্গ চালু

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই করতে চায় সরকার। চুক্তি সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রথম দিন শুরু হবে বিমানের ফ্লাইট দিয়ে
প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনাল চালুর পরিকল্পনা থাকলেও জাপানি কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হতে পারে।

রাজস্ব ভাগাভাগি বেড়ে ২৭ শতাংশ
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কয়েকটি শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলো নিয়ে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

চুক্তির একটি শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন হবে না। তা ছাড়া একটি বিমানবন্দর নির্মাণ করে পরিচালনায় আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তাই আপাতত এ শর্ত মেনে নেওয়ায় বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছে সরকার।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগের সরকারের সময় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। ফলে আগের তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

তিনি আরও জানান, আংশিকভাবে টার্মিনাল চালুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তর করা হবে না। পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানোর পর পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

পুরোনো টার্মিনালও ব্যবহারের সুযোগ থাকবে
তৃতীয় টার্মিনাল চালুর পর বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবন ব্যবহার করা যাবে কি না, জানতে চাইলে বিমানমন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হলেও পুরোনো টার্মিনাল ব্যবহারের সুযোগ থাকবে। আগামী ১৪ মাস পুরোনো টার্মিনাল আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহার করা যাবে।

বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইনস শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করছে, সেগুলোকে তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে দুই পক্ষের আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরোনো টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইনসের জন্য ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। বিমানমন্ত্রী জানান, বিমানবন্দরের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!