প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচল করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। অথচ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে এ সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার। বাকি ২৫ থেকে ৩০ হাজার গাড়ির হিসাব কোথায়? এসব গাড়ির টোলের টাকা যাচ্ছে কোথায়? পুলিশের বিশেষ শাখার (এসবি) গোপন অনুসন্ধানে উঠে এসেছে, প্রকৃত যানবাহনের সংখ্যা আড়াল করতে কিছু গাড়ির টোল আদায় করা হচ্ছে ম্যানুয়ালি। এসব গাড়ির তথ্য রাখা হচ্ছে না কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থায়। এমনকি একই টোল রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ
- ডিজিটাল হিসাবের বাইরে টাকা আদায়
- একই রসিদ একাধিক গাড়িতে ব্যবহারের তথ্য এসবির অনুসন্ধানে
শুধু যানবাহনের সংখ্যা গোপন কিংবা টোলের হিসাব নিয়ে গরমিল নয়, প্রকল্পের পরিচালনা ও ব্যবস্থাপনায় আরও নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অনুমোদন ছাড়াই তৃতীয় একটি প্রতিষ্ঠানকে টোল আদায়ের কাজে যুক্ত করা, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের পদাবনতি এবং চাকরিচ্যুতির অভিযোগও রয়েছে। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে এসবি।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ে অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে যানবাহন থেকে টাকা আদায় করছেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিন কত গাড়ি পার হচ্ছে এবং কত টোল আদায় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব ডিজিটাল ব্যবস্থায় প্রতিফলিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
৮০ হাজার গাড়ি হলেই সরকারের রাজস্ব
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) একটি বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন প্রতিদিন যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে নির্ধারিত সীমার অতিরিক্ত গাড়ি থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার সুযোগ পাবে।
অর্থাৎ, প্রকল্পটির আয়-ব্যয়ের হিসাবের পাশাপাশি সরকারের রাজস্ব পাওয়ার বিষয়টিও নির্ভর করছে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যার ওপর। কিন্তু প্রতিদিন প্রায় এক লাখ গাড়ি চলাচলের তথ্যের বিপরীতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার। এই দুই হিসাবের পার্থক্যই সামনে এনেছে রাজস্ব ফাঁকির আশঙ্কা।
এসবির প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানোর জন্য কিছু গাড়ির টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে হাতে হাতে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দিয়ে টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের তথ্যও উঠে এসেছে।
এ বিষয়ে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। তবে টানা ১৫ দিন এ সংখ্যা অতিক্রম করেনি। ফলে চুক্তি অনুযায়ী সরকার এখনো অতিরিক্ত টোলের রাজস্ব পাওয়ার যোগ্য হয়নি। ম্যানুয়ালি বা সনাতন পদ্ধতিতে টোল দেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে।
এসবির প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনটিকে ভুল বলা হচ্ছে না। সেখানে কিছু বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। টোল আদায় যথাযথভাবে হচ্ছে কি না, তা তাঁরা পর্যবেক্ষণ করবেন। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। তাই অনিয়মের অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে যানবাহন চলাচলের হিসাবের বিষয়ে অভিন্ন তথ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুমোদন ছাড়াই টোল আদায়ে তৃতীয় প্রতিষ্ঠান?
টোলের হিসাবের পাশাপাশি প্রকল্প পরিচালনায় আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এফডিইইর বাইরে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে চীনের আরেকটি প্রতিষ্ঠানকে টোল আদায়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রকল্পটির তত্ত্বাবধানকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটিকে এ কাজে যুক্ত করার অভিযোগ উঠেছে। অথচ পিপিপি চুক্তি অনুযায়ী এক্সপ্রেসওয়ের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এফডিইইর।
বিবিএর চিঠিপত্র পর্যালোচনায় দেখা যায়, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেয় সংস্থাটি। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধন নিলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এসব দায়িত্ব এফডিইই নিজেই পালন করছে।
কিন্তু এর বিপরীতে গত বছরের ২৯ অক্টোবরের একটি চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেদের এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে। দুই প্রতিষ্ঠানের বক্তব্য ও নথির এই পার্থক্য নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
এসবির প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায়ের কাজে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে দেওয়া ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি এফডিইইর কুড়িলের ঠিকানা থেকে কার্যক্রম পরিচালনা করছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। এ ছাড়া বিডাকে এ বিষয়ে অবহিত করা কিংবা বিবিএর সঙ্গে পৃথক চুক্তির তথ্যও পাওয়া যায়নি।
প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও উল্লেখ করা হয়েছে। এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান বলেন, প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ। তাই যেকোনো বিষয়ে জানতে হলে বিবিএর মাধ্যমে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে। সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান টোল আদায়ের কাজে নিজেদের সুবিধামতো লোক নিয়োগ দিতে পারে।
বাংলাদেশি কর্মীদের সরিয়ে চীনা নাগরিক নিয়োগের অভিযোগ
প্রকল্পের ব্যবস্থাপনায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততার পাশাপাশি বাংলাদেশি কর্মীদের চাকরিচ্যুতি ও পদাবনতি নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শ্যানডং হাইস্পিড যুক্ত হওয়ার পর এফডিইইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশিদের সরিয়ে সেখানে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়া হয়েছে।
গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়। তাঁদের একজন লেন সহকারী সজীব রহমান (৩০)। সজীব জানান, ঈদের আগের দিন একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। তিনি বাকি ২০ টাকা নিজের কাছে না রেখে ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু ওই টাকা আত্মসাতের অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে তাঁর মতো আরও আটজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
কর্মীদের অভিযোগ, তাঁদের কখন এফডিইই থেকে শ্যানডং হাইস্পিডে স্থানান্তর করা হয়েছে, তা জানানো হয়নি। গত বছরের মার্চে প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার পর এর একজন চীনা কর্মকর্তা কর্মীদের কাছে টোল আদায়ের সব তথ্য চাইতে শুরু করেন।
তিন বছরেও কার্যকর হয়নি ইটিসি
২০২৩ সালে এক্সপ্রেসওয়ে চালুর সময় থেকেই ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর কথা ছিল। এ ব্যবস্থায় নিবন্ধিত গাড়ি টোল প্লাজা অতিক্রম করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টাকা কেটে নেওয়ার কথা। এতে নগদ লেনদেন ও টোল বুথে দীর্ঘ সারির প্রয়োজন কমে আসত।
কিন্তু চালুর প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ ইটিসি ব্যবস্থা কার্যকর হয়নি। চলতি বছরের ১ এপ্রিল সীমিত পরিসরে ইটিসি চালু করা হয়। প্রায় দুই হাজার ডিভাইস বিক্রি হয়। একবারে পাঁচ হাজার টাকা রিফিল করা গ্রাহকদের বিনা মূল্যে ডিভাইস দেওয়ার ব্যবস্থাও ছিল। তবে সরেজমিনে দেখা গেছে, এসব ডিভাইস কার্যকরভাবে কাজ করছে না। গাড়িগুলোকে আগের মতোই লাইনে দাঁড়িয়ে টোল দিতে হচ্ছে।
এবার পদ্মা ও যমুনা সেতুর আদলে ইউনিফায়েড ইটিসি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিবিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইটিসি স্থাপন কারিগরি কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান বলেন, এ ব্যবস্থার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সাতটি লেনে সীমিত পরিসরে এটি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় আগের ডিভাইসগুলো ব্যবহার করা যাবে না।
চুক্তিতে দেশের স্বার্থ কতটা সুরক্ষিত?
২০০৯ সালে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। চুক্তি অনুযায়ী, মূল কাঠামো নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশ বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ২৭ শতাংশ সরকার বহন করছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ডিসেম্বর। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২৫ বছর পর এক্সপ্রেসওয়েটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে বিনিয়োগকারীরা। এর আগে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ সুদসহ তুলে নেওয়ার সুযোগ পাবে তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল-পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। তাঁর মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হয়নি। বিনিয়োগকারীর অর্থের হিসাব থাকলেও সরকারের দেওয়া জমি ও পুনর্বাসনের ব্যয়ের অর্থমূল্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, প্রতিদিন কত গাড়ি চলাচল করছে এবং কীভাবে টোল আদায় হচ্ছে, সে বিষয়ে সরকারের কার্যকর নজরদারি থাকা জরুরি। এসবির প্রতিবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রকল্পে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। ভবিষ্যতে পিপিপি প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও জাতীয় স্বার্থ সুরক্ষায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
একটি অবকাঠামো প্রকল্প থেকে বিনিয়োগকারীর মুনাফা অর্জন স্বাভাবিক। কিন্তু সেই প্রকল্পে সরকারের অংশীদারত্ব ও রাজস্বের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন কত গাড়ি চলাচল করছে, কত টাকা টোল আদায় হচ্ছে এবং সেই অর্থের কতটুকু ডিজিটাল হিসাবে থাকছে—এসব প্রশ্নের নির্ভুল উত্তর এখন জরুরি। কারণ, হিসাবের গরমিল থাকলে শুধু সরকারের রাজস্বই নয়, ২৫ বছর পর প্রকল্প হস্তান্তরের আগপর্যন্ত পুরো ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিও প্রশ্নের মুখে পড়বে।
কালের আলো/এএএন/এমকে


















