Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৪২ পিএম

তদন্ত-নিষেধাজ্ঞার পরও থামছে না বিপিএলের ফিক্সিং বিতর্ক

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৪২ পিএম

তদন্ত-নিষেধাজ্ঞার পরও থামছে না বিপিএলের ফিক্সিং বিতর্ক

ফিক্সিং বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। একের পর এক অভিযোগ, তদন্ত ও নিষেধাজ্ঞার পরও দেশের ঘরোয়া ক্রিকেটের এই আসরকে ঘিরে অনিয়মের অভিযোগ সামনে আসছে। সর্বশেষ দুই আসরে ফিক্সিংয়ের অভিযোগে এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। এখন অপেক্ষা চূড়ান্ত শাস্তির।

সন্দেহজনক নানা কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

নিলাম থেকে বাদ পড়েন ৯ ক্রিকেটার
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাইরে রাখে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি। তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

তবে বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর নতুন বোর্ড ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। যদিও অভিযুক্ত ৯ ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

১০ জনের বিরুদ্ধে অভিযোগ, সাতজনের স্বীকারোক্তি
এরপর দ্বাদশ আসরেও সামনে আসে ফিক্সিংয়ের একাধিক অভিযোগ। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।

তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। দোষ স্বীকার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ কর্মকর্তা জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

অভিযোগ অস্বীকার, নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে।

তবে তদন্তের এখানেই শেষ নয়। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। ফলে বিপিএল ঘিরে ফিক্সিংয়ের অভিযোগের পরিধি আরও বাড়তে পারে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।

চূড়ান্ত শাস্তির এখতিয়ার বিসিবির
নিয়ম অনুযায়ী, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট যেকোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ এবং শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার বোর্ডের।

এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তির উদ্যোগের পরও দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, বিপিএলে অনিয়ম ঠেকাতে বিদ্যমান ব্যবস্থাগুলো কতটা কার্যকর হচ্ছে। এখন নজর অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চলমান তদন্তের ফলাফলের দিকে।

কালের আলো/এসএ/এএইচ
 

Link copied!