সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা বা ষড়যন্ত্র করলে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
৫ ডিসেম্বর মোকামতলায় আসার কথা প্রধানমন্ত্রীর
মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান মীর শাহে আলম।
১ লাখ ২২ হাজার বাড়িতে মগ ও নিমগাছের চারা
শিক্ষার্থীদের মধ্যে মগ ও গাছের চারা বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে।
প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও পরিচর্যার পাশাপাশি নিজেদের এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব বিতরণ করা হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি


















