Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

ক্যারিয়ারে নতুন মাইলফলক, এটিপি ফাইনালস জিতলেন আলকারাজ

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

ক্যারিয়ারে নতুন মাইলফলক, এটিপি ফাইনালস জিতলেন আলকারাজ

বিশ্বের এক নম্বর টেনিস তারকা আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন স্পেনের কার্লোস আলকারাজ। রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে ফাইনালে জার্মান তারকাকে সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯/৭) গেমে হারান ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ওপেন যুগে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন আলকারাজ। এবার বছরের শেষদিকে জিতলেন আরেকটি মর্যাদাপূর্ণ শিরোপা।

চারটি গ্র্যান্ড স্লাম ও এটিপি ফাইনালস—দুই ধরনের শিরোপাই জেতা খেলোয়াড়দের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই কীর্তি আগে গড়েছেন রজার ফেদেরার, আন্দ্রে আগাসি ও নোভাক জোকোভিচ।

নাদালের অপূর্ণতা পূরণ করলেন আলকারাজ
স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল কখনো এটিপি ফাইনালসের শিরোপা জিততে পারেননি। ১৯৯৮ সালে অ্যালেক্স কোরেত্তার পর প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে মৌসুমের শেষের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আলকারাজ।

মৌসুমের মাঝামাঝি কবজির চোটে বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো বড় শিরোপা জিততে পারেননি। তবে আগস্টে কোর্টে ফেরার পর দুর্দান্ত ছন্দে রয়েছেন স্প্যানিশ তারকা। টানা ১৪ ম্যাচ জিতে ভিয়েনা ওপেন, প্রথমবারের মতো প্যারিস মাস্টার্স এবং এবার এটিপি ফাইনালসের শিরোপা জিতলেন তিনি।

টাইব্রেকারে নাটকীয় লড়া
গত বছর ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আলকারাজের। এবার চোটের কারণে আগেভাগেই মৌসুম শেষ করা সিনার ছিলেন না। ফাইনালে তাঁর প্রতিপক্ষ হন দুইবারের এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন জেভেরেভ।

তুরিনে পুরো টুর্নামেন্টজুড়েই দাপট দেখিয়েছেন শীর্ষ দুই বাছাই আলকারাজ ও জেভেরেভ। দুজনই নিজেদের গ্রুপে তিনটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠেন। সেমিফাইনালে বেন শেলটনকে হারানোর পথে প্রথম সেট হারিয়েছিলেন আলকারাজ।

ফাইনালের শুরুতেই জেভেরেভের সার্ভিসে চাপ তৈরি করেন আলকারাজ। প্রথম গেমে তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি। তবে তৃতীয় গেমে জার্মান তারকার সার্ভিস ভেঙে এগিয়ে যান তিনি। এরপর আরও দুটি ব্রেক নিয়ে মাত্র ২৮ মিনিটে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ তারকা।

দ্বিতীয় সেটেও শুরুতে জেভেরেভের সার্ভিস ভাঙেন আলকারাজ। তবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ গেমে সমতা ফেরান জার্মান তারকা। এরপর দুজনই নিজেদের সার্ভিস ধরে রাখলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। কিন্তু টানা ছয় পয়েন্ট জিতে তিনটি সেট পয়েন্ট আদায় করে নেন জেভেরেভ। চাপের মুখে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিনটি সেট পয়েন্টই বাঁচান আলকারাজ। এরপর একটি মিনি ব্রেক নিয়ে প্রথম ম্যাচ পয়েন্ট তৈরি করেন তিনি। সেটি কাজে লাগাতে না পারলেও ড্রপ শটে দ্বিতীয় সুযোগ তৈরি করেন। শেষ পর্যন্ত ব্যাকহ্যান্ড শটে শিরোপা নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!