রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীসহ এ বিভাগের মানুষ যেমন হাসতে জানেন, তেমনি প্রয়োজনে রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানেন। দেশ ও জাতির স্বার্থে তাঁরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ভূমিমন্ত্রী।
রাজশাহীর ক্রীড়া ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র রাজশাহী থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন। তাঁরা বিশ্বদরবারে রাজশাহী ও বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। রাজশাহীর আতিথেয়তা ও দর্শনীয় স্থানগুলোর কথাও উল্লেখ করে প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি





-20261121091021.jpg)




-20261121082501.jpg)






-20261119145050.jpg)


