ভারতীয় টেলিভিশন অঙ্গনের আলোচিত জুটি ইশা সিং ও অবিনাশ মিশ্রর সম্পর্কে ভাঙনের গুঞ্জন এবার নতুন মোড় নিয়েছে। ‘বিগ বস ১৮’-এর ঘর থেকে শুরু হওয়া তাঁদের প্রেমের গল্পে যুক্ত হয়েছে প্রতারণার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি ইঙ্গিতপূর্ণ বার্তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এবার প্রাক্তন প্রেমিক অবিনাশকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী ইশা সিং। প্রয়োজনে সম্পর্কের পেছনের ঘটনা ও প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন অবিনাশ মিশ্র। সেখানে তিনি লেখেন, সম্পর্ক ব্যক্তিগত বিষয়। এটিকে বিনোদনের উপকরণ বানানো উচিত নয়। সবাইকে ব্যক্তিগত জীবনে শান্তিতে থাকতে দেওয়ার আহ্বানও জানান তিনি।
অবিনাশের ওই পোস্টের পরদিন রবিবার (২২ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ প্রকাশ করেন ইশা। নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্য যে প্রাক্তন প্রেমিককে উদ্দেশ করে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
নীরবতাকে দুর্বলতা ভাবতে নিষেধ ইশার
ইনস্টাগ্রাম স্টোরিতে ইশা লেখেন, নিজের মানসিক শান্তির জন্য তাঁর নীরবতাকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যিনি সম্পর্ক ব্যক্তিগত রাখার পরামর্শ দিচ্ছেন, তিনিই নাকি নিজের আচরণে বিষয়টিকে তামাশায় পরিণত করছেন এবং অন্যদের বিনোদনের খোরাক জোগাচ্ছেন।
প্রতারিত হওয়ার যন্ত্রণা প্রকাশ করে অভিনেত্রী আরও কঠোর ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, তাঁকে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া উচিত হবে না, যেখানে পরিণতির কথা না ভেবেই সঠিক নাম ও প্রতিটি প্রমাণ জনসমক্ষে প্রকাশ করতে হয়।
ইশার অভিযোগ, তিনি এমন একজনকে বিশ্বাস করেছিলেন, যিনি শেষ পর্যন্ত তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যদিও নিজের বক্তব্যে অবিনাশের নাম সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী।
মায়ের কথিত ভয়েস নোট ঘিরে বিতর্ক
এই বিতর্কের সূত্রপাত ইশা সিংয়ের মায়ের একটি কথিত ভয়েস নোট অনলাইনে ছড়িয়ে পড়ার পর। ওই অডিওতে ইশার মাকে বলতে শোনা যায়, পরিবার থেকে তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। এমনকি অবিনাশকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার প্রস্তুতিও ছিল। কিন্তু মাঝপথে প্রতারণার ঘটনা ঘটায় সবকিছু ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।
ভয়েস নোটটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইশা ও অবিনাশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে প্রতারণার অভিযোগের বিষয়ে অবিনাশের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
‘বিগ বস ১৮’ থেকে প্রেমের শুরু
‘বিগ বস ১৮’-এর ঘরে বন্ধুত্বের মধ্য দিয়ে ইশা সিং ও অবিনাশ মিশ্রর ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরও বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ভিডিও ও ছবি ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।
এমনকি ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-তে অবিনাশের জয়ের পরও তাঁদের ঘিরে রোমান্টিক ভিডিও ছড়িয়ে পড়ে। তবে সেই সম্পর্ক এখন বিচ্ছেদের গুঞ্জন, পাল্টাপাল্টি বক্তব্য ও প্রতারণার অভিযোগে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
একসময় পর্দার বাইরে তাঁদের প্রেমের গল্প নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্তরা। এখন সেই সম্পর্কের ভাঙন কোন দিকে যায়, আর ইশা সত্যিই কোনো প্রমাণ প্রকাশ্যে আনেন কি না—সেদিকেই নজর বিনোদন অঙ্গনের।
কালের আলো/এসএ/টিসি













-20261121140412.jpg)






