Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:২১ পিএম

ড্রেসিং রুমের তথ্য ফাঁসের অভিযোগ উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:২১ পিএম

ড্রেসিং রুমের তথ্য ফাঁসের অভিযোগ উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পেছনে ড্রেসিং রুমের তথ্য ফাঁসের কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, মাঠের পারফরম্যান্স, প্রতিপক্ষের কৌশল এবং বাংলাদেশের খেলোয়াড়দের কিছু ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণ করেছে।

রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ফাঁসের অভিযোগে দ্বিমত
ড্রেসিং রুম থেকে তথ্য ফাঁস হওয়ার কারণে বাংলাদেশ হেরেছে—এমন অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন আমিনুল হক। তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল পরাজিত হয়েছে। যারা এমন প্রশ্ন তুলেছেন, তাঁরা অজ্ঞতা থেকেই তা করেছেন বলে মনে করেন তিনি।

নিজেও ফুটবল খেলে বর্তমান অবস্থানে এসেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফুটবল ১১ জনের খেলা এবং গোলের খেলা। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে। কোনো টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল তথ্য ফাঁসের কারণে বাংলাদেশ হেরেছে বলে তিনি মনে করেন না।

চাপ সামলাতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ছিলেন বলে জানান আমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে তিনি ফাইনালে ওঠার প্রত্যাশা করেছিলেন। ওই ম্যাচের পর সাংবাদিকদের বলেছিলেন, একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফাইনালে খেলবে।

এমনকি পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশাও করেছিলেন তিনি। তবে ম্যাচ শুরু হওয়ার পর তাঁর মনে হয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা চাপে ছিলেন। দর্শকদের প্রত্যাশা, ফাইনালে ওঠার চাপ এবং বড় দর্শকগোষ্ঠীর সামনে খেলার অনভিজ্ঞতা এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের কৌশল আগেই বিশ্লেষণ করেছিল পাকিস্তান
পাকিস্তান দল বাংলাদেশের খেলার ধরন সম্পর্কে আগেই বিশ্লেষণ করেছিল বলে মন্তব্য করেন আমিনুল হক। তাঁর ভাষ্য, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পাকিস্তানের কোচ ও কর্মকর্তারাও দেখেছেন। সেখান থেকে বাংলাদেশের খেলোয়াড়দের শক্তি ও খেলার ধরন সম্পর্কে ধারণা নিয়ে নিজেদের পরিকল্পনা সাজায় তারা।

বিশেষ করে ফাহমিদুল (ফারহান) আলী ও হামজা চৌধুরীকে কীভাবে মার্কিং করতে হবে, তা পাকিস্তান ভালোভাবেই কাজে লাগিয়েছে বলে মনে করেন তিনি।

সুযোগ কাজে লাগাতে না পারাই বড় ব্যর্থতা
আমিনুল হকের মতে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশও গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি খেলোয়াড়রা। ম্যাচের শেষ মুহূর্তে গোলরক্ষকের একটি ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে গোল হজম করতে হয়।

নিজে গোলরক্ষক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ওই পরিস্থিতিতে সরাসরি মাঝমাঠে পাস না দিয়ে বলটি পাশে দেওয়া কিংবা লম্বা করে খেললে পাকিস্তানের পাল্টা আক্রমণের সুযোগ তৈরি হতো না।

এ ধরনের ছোট ছোট ভুলের কারণেই ফুটবলে অনেক সময় ম্যাচ হাতছাড়া হয়ে যায় বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!