Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৫৭ পিএম

কুর্মিটোলার সবুজে ১৪ দেশের মহামিলন, বিশ্ব সামরিক গলফের মঞ্চ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৫৭ পিএম

কুর্মিটোলার সবুজে ১৪ দেশের মহামিলন, বিশ্ব সামরিক গলফের মঞ্চ বাংলাদেশ

সবুজ ঘাসে মোড়ানো গলফের মাঠ। এক পাশে বাংলাদেশের পতাকা, অন্য পাশে বিশ্বের ১৩ দেশের প্রতিনিধিত্বকারী পতাকাগুলো। পোশাক, ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা থাকলেও সবার লক্ষ্য এক—খেলার মাঠে শ্রেষ্ঠত্বের লড়াই, আর খেলার মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা।

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাব এখন সেই আন্তর্জাতিক মিলনমেলার কেন্দ্র। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বসেছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ। ১৪ দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তার অংশগ্রহণে এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সামরিক ক্রীড়া সক্ষমতা ও আয়োজক পরিচিতিরও গুরুত্বপূর্ণ প্রকাশ।

  • প্রথমবার ঢাকায় ১৭তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ 
  • ১২১ গলফারের পদকযুদ্ধ; উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

২০২৬ সালের এই বিশ্ব আসরে পুরুষ ও নারী একক প্রতিযোগিতার পাশাপাশি দলীয় শিরোপার জন্যও লড়বেন অংশগ্রহণকারীরা। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতা।

১৪ দেশের পতাকায় বর্ণিল কুর্মিটোলা
বাংলাদেশসহ ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, স্পেন ও শ্রীলঙ্কা—১৪ দেশের সামরিক গলফাররা অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াসুলভ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানোই আয়োজনটির অন্যতম লক্ষ্য।

গলফের প্রতিটি শট, প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি রাউন্ডে থাকবে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। তবে পদকের লড়াইয়ের বাইরেও খেলোয়াড়দের জন্য তৈরি হয়েছে ভিন্ন দেশের সামরিক সদস্যদের সঙ্গে পরিচিত হওয়া এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।

নৌবাহিনী প্রধানের উদ্বোধনে শুরু বিশ্ব আসরের যাত্রা
গত শনিবার (২৮ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। খেলোয়াড়দের উদ্দীপনা, নিষ্ঠা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সুষ্ঠু ক্রীড়ানৈপুণ্য বজায় রাখা এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও বর্ণিল হয়ে ওঠে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের সংগীতের সঙ্গে সংস্থাটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর অংশগ্রহণকারী দলগুলোর মার্চপাস্ট এবং সামরিক ব্যান্ডের পরিবেশনা উদ্বোধনী আয়োজনকে দেয় আন্তর্জাতিক আবহ।

কেনিয়ার রৌপ্যজয়ের স্মৃতি, এবার দেশের মাটিতে নতুন প্রত্যাশা
বাংলাদেশের জন্য এবারের আয়োজনের গুরুত্ব আরও বেশি। কারণ, বিদেশের মাটিতে আগের আসরে পদক জয়ের অভিজ্ঞতা নিয়ে এবার নিজেদের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামছে দেশের সামরিক গলফাররা।

২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত হয়েছিল ১৬তম বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ। সেই আসরে বাংলাদেশের নারী দল রৌপ্য পদক অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সামরিক গলফের সক্ষমতার সেই সাফল্য এবার নতুন প্রত্যাশা তৈরি করেছে।

নিজেদের পরিচিত মাঠ, দেশীয় দর্শক এবং স্বাগতিক হওয়ার বাড়তি অনুপ্রেরণা—সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের গলফারদের সামনে ভালো করার সুযোগ রয়েছে। বিশেষ করে নারী দলের আগের পদকজয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা থাকবে।

২ ডিসেম্বর পর্যন্ত সবুজ মাঠে শ্রেষ্ঠত্বের লড়াই
প্রতিযোগিতার মূল রাউন্ড শুরু হয়েছে ২৯ নভেম্বর। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্টের খেলা। পুরুষ ও নারী একক বিভাগে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দলীয় বিভাগেও শিরোপা জয়ের লড়াই চলবে।

এই আয়োজনের মূল দর্শন আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের মূলমন্ত্র—‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’। অর্থাৎ প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকলেও খেলাধুলার মধ্য দিয়ে দেশগুলোর সামরিক সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাই বড় অর্জন।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ তাই পদকের হিসাব ছাড়িয়ে দেশের আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সক্ষমতা তুলে ধরারও একটি উপলক্ষ। কুর্মিটোলার সবুজ প্রান্তরে আগামী কয়েক দিন চলবে সেই লড়াই—যেখানে ব্যাটন নয়, ক্লাব হাতে; যুদ্ধের ময়দান নয়, গলফের মাঠে নিজেদের দক্ষতা প্রমাণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের সামরিক গলফাররা। আর শেষ পর্যন্ত পদক যার ঝুলিতেই উঠুক, বন্ধুত্বের জয়ই হবে এই বিশ্ব আসরের সবচেয়ে বড় প্রাপ্তি।

কালের আলো/এএএন/এমকে

Link copied!