একটি দেশের ভবিষ্যৎ কেবল অবকাঠামো কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না, নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্ম কতটা জ্ঞানসমৃদ্ধ, দক্ষ, সৃজনশীল ও মানবিক হয়ে উঠছে তার ওপর। তাই শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা শিক্ষার সনদ অর্জন নয়, বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
- নবীনবরণে শিক্ষার্থীদের উদ্দেশে বললেন গতানুগতিক শিক্ষা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করতে হবে
- দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে যাওয়ার তাগিদ
শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

নতুন বাংলাদেশ গড়ার শক্তি তরুণ প্রজন্ম
এমপি ওয়াহাব আকন্দ বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মধ্যেই নিহিত রয়েছে দেশের আগামীর সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষা, সততা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, নিজেদের শুধু শিক্ষিত হিসেবে নয়, যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ দেশের উন্নয়ন ও পরিবর্তনের দায়িত্ব একসময় এই তরুণদের কাঁধেই আসবে।
এআইয়ের যুগে গতানুগতিক শিক্ষা যথেষ্ট নয়
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তি, ব্যবসায়িক জ্ঞান এবং আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে। গতানুগতিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতি, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন দেশের সামনে বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দায়িত্বশীল, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই।
জ্ঞানের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ ধারণ করতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ব্যক্তিগত প্রতিষ্ঠা নয়, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, শিক্ষাজীবন শুধু ব্যক্তিগত সাফল্য অর্জনের সময় নয়; নিজেকে দেশ ও সমাজের কল্যাণে প্রস্তুত করারও গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে।
নবীনদের বরণে উৎসবমুখর আয়োজন
কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক এস এম আরিফুর রহমান। কলেজের শিক্ষক নাহিদ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খান।
পরে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। নবীনদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে উঠে আসে একটি অভিন্ন প্রত্যাশা—শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়বে না, নিজেদের জ্ঞান, দক্ষতা ও মানবিকতা দিয়ে গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।
কালের আলো/এএএন/জেএন













-20261126135523.jpg)





