শিক্ষার প্রসারে গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্তরে শিক্ষা সমাপ্তির হার বেড়েছে ধারাবাহিকভাবে। তবে শিক্ষার স্তর যত ওপরে উঠছে, ততই কমছে সমাপনের হার। বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে এখনো বড় ব্যবধান রয়ে গেছে। এ ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের অগ্রগতি বেশি। ঝরে পড়ার হারও আগের তুলনায় কমেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই চিত্র উঠে এসেছে। সম্প্রতি প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে প্রকাশিত ‘অ্যাক্সেস অ্যান্ড ইক্যুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হলেও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।
প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০ শতাংশ
ইউনেসকোর তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল ৩৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। একই সময়ে নিম্নমাধ্যমিক স্তরে শিক্ষা সমাপনের হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনের হার বৃদ্ধির গতি অবশ্য বিভিন্ন সময়ে কিছুটা কমেছে। ১৯৯০-এর দশকে প্রতিবছর গড়ে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট করে এ হার বাড়লেও ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। ২০১৫ সালের পর তা আরও কমে প্রতিবছর ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্টে দাঁড়ায়।
নিম্নমাধ্যমিক স্তরে অবশ্য সাম্প্রতিক সময়ে অগ্রগতির গতি বেড়েছে। ১৯৯০-এর দশকে প্রতিবছর গড়ে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট করে শিক্ষা সমাপনের হার বাড়লেও ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ছিল ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট। ২০১৫ সালের পর এই হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্টে।
উচ্চমাধ্যমিকে দক্ষিণ এশিয়ার চেয়ে পিছিয়ে
প্রাথমিক ও নিম্নমাধ্যমিকে অগ্রগতি হলেও উচ্চমাধ্যমিক স্তরে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। ২০২৪ সালে এ পর্যায়ে শিক্ষা সমাপ্তির হার ছিল প্রায় ৩৮ শতাংশ। একই সময়ে দক্ষিণ এশিয়ার গড় হার ছিল ৫৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির গতি ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা বেড়ে ৬০ শতাংশে পৌঁছায়। তবে ২০১৫ সালের পর বাংলাদেশ এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার গড় অগ্রগতির চেয়ে দ্রুত এগিয়েছে।
উচ্চমাধ্যমিক স্তরের বয়সী তরুণদের স্কুলের বাইরে থাকার হারও কমেছে। ২০০৫ সালে এ হার ছিল ৭২ শতাংশ। ২০২৩ সালের মধ্যে তা দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হার ৫৩ শতাংশের নিচে নেমে আসে।
একাদশ-দ্বাদশে ঝরে পড়া কমেছে অর্ধেক
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০০৯ সালে এ হার ছিল ৪২ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ শতাংশে।
শিক্ষার সুযোগ বৃদ্ধি, উপবৃত্তি কর্মসূচি এবং ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ এ অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে
শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। ইউনেসকোর হিসাবে, ২০২৪ সালে নিম্নমাধ্যমিক স্তরের বয়সী কিশোরীদের মধ্যে স্কুলের বাইরে ছিল মাত্র ৪ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ।
উচ্চমাধ্যমিক স্তরেও মেয়েদের তুলনায় ছেলেদের স্কুলের বাইরে থাকার হার বেশি। ২০২৪ সালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, এ স্তরে মেয়েদের চেয়ে ৮ শতাংশীয় পয়েন্ট বেশি তরুণ শিক্ষার বাইরে রয়েছে। খানা জরিপভিত্তিক মডেলে এ ব্যবধান ১০ শতাংশীয় পয়েন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, নারীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাল্যবিয়ে কমা, জন্মহার হ্রাস এবং শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো পরিবর্তনও দীর্ঘমেয়াদি অগ্রগতিতে প্রভাব ফেলেছে।
উপবৃত্তি ও কারিগরি শিক্ষায় বিস্তার
শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে চালু হওয়া ছাত্রী উপবৃত্তি কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে নেওয়া ঝরে পড়া শিশুদের জন্য ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ (রস্ক) প্রকল্পের ভূমিকা তুলে ধরেছে ইউনেসকো।
এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগও বেড়েছে। ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০ থেকে বেড়ে প্রায় ৮ হাজারে দাঁড়িয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ১০ গুণ বেড়ে হয়েছে ১৩ লাখ। তবে এসব শিক্ষার্থীর প্রায় তিন-চতুর্থাংশ ছেলে।
শিক্ষার মান নিয়ে প্রশ্ন
শিক্ষার সুযোগ ও অংশগ্রহণ বাড়লেও মান নিয়ে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ইউনেসকো জানিয়েছে, উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৯০ শতাংশের বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে।
সামগ্রিকভাবে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান হলেও উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী ধরে রাখা এবং শিক্ষার মান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান ও শেখার ফল উন্নত করতে না পারলে দীর্ঘমেয়াদি অগ্রগতির সুফল সীমিত হয়ে পড়তে পারে।
কালের আলো/এসএ/জেএন






-20261129135955.jpg)


-20261129134149.webp)




-20261126135523.jpg)




-20261126133922.jpg)
