Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:১০ পিএম

শ্রমিকের মজুরি বাড়ল মালিকের কপালে চিন্তার ভাঁজ

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০২:১০ পিএম

শ্রমিকের মজুরি বাড়ল মালিকের কপালে চিন্তার ভাঁজ

মজুরি বেড়েছে সর্বোচ্চ ৪২ শতাংশ। নতুন কাঠামোয় একজন অদক্ষ পোশাকশ্রমিকের মূল বেতন ১৭ হাজার টাকা। ওভারটাইম, হাজিরা বোনাস ও অন্যান্য সুবিধা মিলিয়ে মাস শেষে তাঁর হাতে আসবে প্রায় ২৪ হাজার টাকা। কিন্তু এতেও সন্তুষ্ট নন শ্রমিকদের একটি অংশ। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি হতে হবে ৩০ হাজার টাকা। অন্যদিকে মালিকদের উদ্বেগ, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে থেকেও বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি এখন ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের চেয়ে বেশি। বিদেশি ক্রেতারা পণ্যের দাম না বাড়ালেও বাড়ছে উৎপাদন ব্যয়। ফলে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে গিয়ে আরও চাপে পড়তে পারেন উদ্যোক্তারা।

  • টেক-হোম বেতন ২৪ হাজার টাকা হলেও ৩০ হাজারের দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত
  • প্রতিযোগী দেশগুলোর তুলনায় উৎপাদনশীলতায় পিছিয়ে থেকেও মজুরিতে এগিয়ে বাংলাদেশ 
  • বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম মালিকরা

একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর সংগ্রাম, অন্যদিকে বাড়তি মজুরি ও উৎপাদন ব্যয় সামলানোর কঠিন হিসাব—দুইয়ের চাপে দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্প। মালিকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে অনেক কারখানার পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠতে পারে। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ থাকা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ শিল্পটির সংকট আরও ঘনীভূত করেছে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোয় চতুর্থ গ্রেডের শ্রমিকদের মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডে ৪১ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৪০ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৪২ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি নির্ধারণের আলোচনায় শুরু থেকেই মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে ছিল বড় ব্যবধান। শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে। বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। কয়েক দফা দর-কষাকষির পর প্রথম তিন গ্রেডের মজুরি সর্বসম্মতিতে নির্ধারিত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে সিদ্ধান্ত আসে বোর্ড সদস্যদের গোপন ভোটে। এ ছাড়া যেসব শ্রমিক ইতোমধ্যে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

মজুরিতে প্রতিযোগী দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ
মালিকদের উদ্বেগের বড় কারণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান। তাঁদের দেওয়া তুলনামূলক তথ্যে দেখা যায়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি বেশি। অথচ উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতায় এসব দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১১৩ ডলার, পাকিস্তানে ১৩০ ডলার, ইন্দোনেশিয়ায় ১৩৯ ডলার, ভিয়েতনামে ১৪১ ডলার এবং মিয়ানমারে ৯৭ ডলার। বিপরীতে বাংলাদেশে ওভারটাইম, হাজিরা বোনাস ও যাতায়াত ভাতাসহ একজন অদক্ষ শ্রমিকের টেক-হোম আয় দাঁড়াবে প্রায় ১৯২ ডলার বা ২৪ হাজার টাকা।

শুধু মজুরির অঙ্কেই নয়, প্রতিযোগী দেশগুলোর সরকারি নীতিসহায়তার সঙ্গেও বাংলাদেশের বড় ব্যবধান রয়েছে বলে মনে করছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, ভারত শ্রমিকদের মজুরি বাবদ ৩ থেকে ৫ হাজার রুপি সহায়তা দেয়। পাশাপাশি রপ্তানিতে শুল্ক সুবিধা ও ব্যাংকঋণের সুদে ছাড় রয়েছে। ভিয়েতনাম বিনিয়োগকারীদের ৩ থেকে ১৫ বছর পর্যন্ত জমির ভাড়া মওকুফ, পরীক্ষামূলক উৎপাদনে ৫০ শতাংশ ভর্তুকি এবং চার বছরের কর অবকাশ সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশে গত তিন বছরে পোশাকশিল্পের রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমানো হয়েছে। রপ্তানি আয়ের ওপর উৎসে করও ধাপে ধাপে দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি মজুরি দিয়েও সমপর্যায়ের নীতিসহায়তা না পাওয়ায় চাপে পড়ছেন উদ্যোক্তারা।

২৪ হাজার টাকা দিতে হবে কোথা থেকে
বিজিএমইএর হিসাব অনুযায়ী, দৈনিক গড়ে দুই ঘণ্টা ওভারটাইম ও হাজিরা বোনাস যুক্ত হলে নতুন কাঠামোয় প্রথম গ্রেডের একজন শ্রমিকের মাসিক টেক-হোম আয় হবে ৩৫ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ২৮ হাজার ৫০০, তৃতীয় গ্রেডে ২৭ হাজার এবং চতুর্থ গ্রেডে ২৪ হাজার টাকা।

বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মূল মজুরি ১৭ হাজার টাকা হলেও ওভারটাইম ও হাজিরা বোনাসসহ তাঁকে প্রায় ২৪ হাজার টাকা দিতে হবে। কিন্তু শ্রমিককে এই অর্থ দেওয়ার আগে মালিকদেরও তা উপার্জন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে পোশাকশিল্পের সেই সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, হেলপার হিসেবে কাজে যোগ দেওয়া শ্রমিকদের বয়স সাধারণত ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এমন একজন নতুন কর্মীর মজুরিকে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি কাঠামো নির্ধারণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

শিহাব উদ্দোজা চৌধুরীর অভিযোগ, গত চার দশকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠলেও পোশাকশিল্পের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার সরকারের কাছে নেই। অথচ প্রয়োজনীয় তথ্য-উপাত্তের যথাযথ পর্যালোচনা ছাড়াই মাত্র ২০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ ও আশুলিয়ার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে শিল্পের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

তাঁর মতে, নতুন কাঠামোয় বাংলাদেশের মজুরি ভিয়েতনামের পর্যায়ে পৌঁছেছে। কিন্তু ভিয়েতনামের সমপর্যায়ের মজুরি দিতে হলে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও দেশটির মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি তৈরি হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। সেই চাপ বারবার পোশাকশিল্পের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।

কারখানা বন্ধের ক্ষতি কে বহন করবে
মজুরি বৃদ্ধি ও শ্রমিক অসন্তোষের পাশাপাশি কারখানা বন্ধ থাকার আর্থিক ক্ষতিও উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে। মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, শ্রমিক ও শিল্প খাতকে ঘিরে একধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কেন বারবার শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে, কারা তাঁদের নামাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন—এসব বিষয় চিহ্নিত করা জরুরি।

তিনি জানান, সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। অথচ মাস শেষে শ্রমিকদের বেতন পরিশোধের ক্ষেত্রে মালিকদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। কারখানা বন্ধ থাকায় যে আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে—সে প্রশ্নের উত্তর নেই।

ড. রুবানা হক বলেন, নতুন মজুরি কাঠামো শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও বাড়তি অর্থের সংস্থান কোথা থেকে হবে, তা নিয়ে আলোচনা নেই। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।

তিনি আরও জানান, বছরে ৫ কোটি ডলারের কম রপ্তানি করে এমন কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির ৫১ শতাংশ অবদান রাখে। এসব কারখানা বন্ধ হয়ে গেলে দেশের রপ্তানি আয়ে বড় ধরনের ধাক্কা লাগবে।

নতুন মজুরি কাঠামো পোশাকশিল্পের সামনে তৈরি করেছে কঠিন সমীকরণ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানো, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখা এবং বাড়তি ব্যয়ের অর্থ জোগাড় করা—সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উদ্যোক্তাদের। শুধু মজুরি বাড়িয়ে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধান হবে না, একইভাবে মালিকদের সক্ষমতা বিবেচনা না করে উৎপাদন ব্যয়ের চাপ বাড়লেও শিল্পের ভবিষ্যৎ নিরাপদ থাকবে না। ফলে মজুরি বৃদ্ধির সুফল শ্রমিকের ঘরে পৌঁছানোর পাশাপাশি পোশাকশিল্পের টিকে থাকার পথ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!