দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা স্কিম চালু করেছে সরকার। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এ সুবিধা পেতে ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি গেজেটে প্রকাশিত হয়। প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
কারা পাবেন প্রণোদনা
নীতিমালা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এ প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও এ সুবিধার আওতায় আসবে।
তবে প্রণোদনা শুধু নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগে এ সুবিধা পাওয়া যাবে না। কোনো বিনিয়োগকারী নিজের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনায় নেওয়া হবে।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে এ নীতিমালা প্রণয়ন করেছে সরকার।
আবেদন করতে হবে বিনিয়োগের আগেই
প্রণোদনা পেতে আগ্রহীদের বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে।
বিদেশি বিনিয়োগের অর্থ দেশে আসার পর বা এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। আবেদন মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
নীতিমালায় স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার শর্ত দেওয়া হয়েছে। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাঁদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক থাকা যাবে না।
দুই ধাপে দেওয়া হবে অর্থ
অনুমোদিত বিনিয়োগের বিপরীতে প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট বৈদেশিক অর্থ দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর।
দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি যাচাই করা হবে। একই সঙ্গে বিনিয়োগের ইক্যুইটি বহাল রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা হবে।
অর্থের উৎস যাচাইয়ে একাধিক সংস্থা
বিনিয়োগের অর্থের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদন যাচাইয়ের সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে।
নীতিমালা অনুযায়ী, নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এ প্রণোদনার আওতায় পড়বে না। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
অনুমোদনে থাকবে দুটি কমিটি
প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হবে। এ কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে।
অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় প্রণোদনার অর্থ দেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে এ অর্থ দেশের বাইরে পাঠাতে পারবেন।
নীতিমালার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে। এতে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটি পর্যালোচনা করবে।
তবে নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি এফডিআইয়ের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। আবেদন ফরম, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কালের আলো/এসএ/জেএন













-20261126135523.jpg)





