ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি মানুষের মন জয় করেছেন লিওনেল মেসি। তবে ফুটবলের বাইরেও এবার আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন মহাতারকার স্কুলজীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর সপ্তম শ্রেণির একটি নম্বরপত্রের ছবি। ১৩ বছর বয়সে পড়াশোনায় কেমন ছিলেন মেসি, কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলেন—তা নিয়েই এখন চলছে আলোচনা।
ছবিটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা জানা যায়নি। তবে নম্বরপত্রটি মেসির শৈশবের স্কুলজীবনের একটি বিরল স্মৃতি সামনে এনেছে। রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ের এই নম্বরপত্রে কোন পরীক্ষার ফলাফল রয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়।
শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর
নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। অর্থাৎ এ বিষয়ে তাঁর ফলাফল ছিল পুরোপুরি নিখুঁত। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ নম্বর। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে। আর নৈতিকতা ও নাগরিক শিক্ষায় পেয়েছিলেন ৭ নম্বর।
মেসির এই ফলাফল দেখে বোঝা যায়, পড়াশোনায় খুব একটা অসাধারণ না হলেও খেলাধুলায় তাঁর দক্ষতা ছিল আলাদা। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তাঁর ধ্যানজ্ঞান। তখন তিনি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন। দিনের বড় একটি সময় কাটত ফুটবল নিয়েই।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নম্বরপত্রে পড়াশোনার ফলাফল মোটামুটি সাধারণ মানের হলেও শিক্ষকেরা খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন।
ক্লাসে শান্ত, মাঠে অন্য এক লিও
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক স্বভাবের ছেলে হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, মেসি ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না। তবে ফুটবল খেলতে মাঠে গেলেই বদলে যেতেন তিনি।
সোসার বর্ণনায়, ‘সে খুব শান্ত ছেলে ছিল, লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। তবে ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির শান্ত স্বভাব এবং ফুটবলের প্রতি গভীর আগ্রহের কথা জানিয়েছেন। তাঁর মতে, মেসির অনেক বন্ধু ছিল। সবাই তাঁর সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলে সবার আগে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত শিক্ষার্থীদের মধ্যে।
নিজেও বলেছিলেন, ভালো ছাত্র ছিলেন না
ছাত্রজীবন নিয়ে মেসি নিজেও একাধিকবার খোলামেলা কথা বলেছেন। রোজারিওতে কাটানো শৈশবের স্মৃতিচারণ করে একবার তিনি স্বীকার করেছিলেন, পড়াশোনা কখনোই তাঁর সবচেয়ে শক্তিশালী দিক ছিল না। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’
এমনকি বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন বলেও জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বার্সেলোনায় চলে যাওয়ার পরও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়নি তাঁর। মেসির ভাষ্য অনুযায়ী, ক্লাসে তাঁরা আনন্দ করতেন এবং পড়াশোনার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে কোনোমতে সময় পার করতেন।
শৈশবের স্কুলের সঙ্গে এখনো যোগাযোগ
ছাত্রজীবনে পড়াশোনায় খুব বেশি মনোযোগী না থাকলেও শৈশবের স্কুলের প্রতি মেসির টান কখনো কমেনি। বিশ্বখ্যাত ফুটবলার হয়ে ওঠার পরও একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়নে দিয়েছেন বিভিন্ন অনুদান।
তাঁর সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। এমনকি একসময় বিরতির সময়ে যে মাঠের বেঞ্চে বসতেন, সেগুলোও সংস্কার করা সম্ভব হয়েছে।
বর্তমানে ৩৯ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় এবং বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জয়ের পরও শৈশবের স্কুলের সঙ্গে তাঁর এই সম্পর্ক ভক্তদের কাছে বিশেষ আবেগের বিষয়।
রোজারিওর লাস হেরাস এলাকার সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পুরোনো স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে নম্বরপত্রের ছবিকে ঘিরে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের স্কুলজীবনের এই ফলাফল যেন মনে করিয়ে দিচ্ছে, সব বিষয়ে সেরা না হয়েও নিজের পছন্দের ক্ষেত্রে অসাধারণ হয়ে ওঠা সম্ভব।
কালের আলো/এসএ/এএইচ







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

