জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।
আবেদনের যোগ্যতা ও ফি
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ইউনিটভেদে এসএসসি ও এইচএসসির জিপিএর শর্ত এবং আবেদন ফি আলাদা।
‘এ’ ইউনিটে আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘বি’ ইউনিটের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর নিচে থাকা যাবে না। এ ইউনিটের আবেদন ফিও ১ হাজার ২০০ টাকা।
‘সি’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর নিচে থাকা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
অন্যদিকে চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫ দশমিক ৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৫০-এর কম হলে আবেদন করা যাবে না। এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।
দুই বিষয়ে অনুত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারলে তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে।
জানুয়ারিতে ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।
সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।
কালের আলো/এসএ/টিসি



-20261126133922.jpg)

-20261126133344.jpg)











-20261124163219.jpg)


