Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনদ নয়, দক্ষতা চাই—শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

কিশোরীর শৈশব রক্ষা, নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগে জোর দিলেন মন্ত্রী

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

কিশোরীর শৈশব রক্ষা, নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগে জোর দিলেন মন্ত্রী

একদিকে বাল্যবিয়ের শিকলে আটকে যাচ্ছে হাজারো কিশোরীর শৈশব, অন্যদিকে দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা কেড়ে নিচ্ছে নারীর সম্ভাবনা। এই দুই বাস্তবতা বদলাতে শুধু একটি মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। সেই ভাবনা থেকেই বাল্যবিবাহ নির্মূল, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

  • বাল্যবিবাহ নির্মূলে রাষ্ট্রের সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ 
  • কেয়ারের সঙ্গে বৈঠকে নারী-শিশুর সুরক্ষা ও সামাজিক নিরাপত্তায় সহযোগিতার আলোচনা 

তাঁর বক্তব্যে উঠে এসেছে একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন, যেখানে নারীর হাতে থাকবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, শিশুরা পাবে সুরক্ষিত শৈশব, আর প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষও উন্নয়নের সমান অংশীদার হবেন।

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্য ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনায় এই অঙ্গীকারের প্রতিফলন দেখা যায়। সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে বাল্যবিবাহ নির্মূলে উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালায় তিনি সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে সচিবালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নারী-শিশুর সুরক্ষা, পারিবারিক আর্থিক সক্ষমতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

১৮ বছরের আগেই বিয়ে, উদ্বেগের কেন্দ্রে লাখো কিশোরীর ভবিষ্যৎ
দেশে এখনো ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। কর্মশালায় উঠে আসা এই পরিসংখ্যান আবারও সামনে এনেছে বাংলাদেশের নারী ও শিশুর সুরক্ষার বড় চ্যালেঞ্জকে। বক্তারা জানান, ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিয়ের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিয়ের সামগ্রিক চিত্র এখনো উদ্বেগজনক। অর্থাৎ অল্প বয়সে বিয়ে প্রতিরোধে কিছু অগ্রগতি থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনো অনেক পথ বাকি।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাল্যবিবাহ নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হয়ে পড়বে। তাঁর মতে, প্রতিটি মন্ত্রণালয় জনগণের কল্যাণে নিজ নিজ কর্মসূচি বাস্তবায়ন করে। কিন্তু এসব উদ্যোগের মধ্যে সমন্বয় থাকলে সীমিত সম্পদ দিয়েও মানুষের জন্য সর্বোচ্চ সুফল নিশ্চিত করা সম্ভব।

৫২৯৫ বাল্যবিবাহ ঠেকিয়েছে কিশোর-কিশোরী ক্লাব
বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন কিংবা প্রশাসনিক উদ্যোগ নয়, সামাজিক সচেতনতা তৈরিও যে কার্যকর হতে পারে, তার উদাহরণ হয়ে উঠেছে দেশের কিশোর-কিশোরী ক্লাবগুলো। বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি, কিশোর-কিশোরীদের অধিকার সম্পর্কে ধারণা দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কাজ করছে ক্লাবগুলো।

কর্মশালায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এই পরিসংখ্যান কেবল কিছু বিয়ে বন্ধ হওয়ার হিসাব নয়; বরং হাজারো কিশোরীর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাঁচিয়ে রাখারও গল্প। মন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা সরকারের সঙ্গে একযোগে কাজ করলে দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে।

ফ্যামিলি কার্ডে নারীর হাতে পরিবারের অর্থনৈতিক শক্তি
বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী। সচিবালয়ে কেয়ারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

এই কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ শুধু সংসারের দৈনন্দিন ব্যয় নির্বাহেই নয়, সন্তানদের পড়াশোনা, পারিবারিক সবজি বাগান তৈরি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন নারীরা। অর্থাৎ পরিবারের নারী সদস্যকে কেবল সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং পরিবারের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে সরকারের।

মন্ত্রী আরও বলেন, সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে সমাজের প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগও এ লক্ষ্যেই নেওয়া হচ্ছে।

কেয়ারের সঙ্গে আলোচনায় নারী-শিশুর সুরক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনা
এদিন বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, পরিচর্যা অর্থনীতি, নারী ও শিশুর শিক্ষা-স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি, প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়গুলোও গুরুত্ব পায়।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠন থেকে শুরু করে বিভিন্ন সময়ে কেয়ার উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের কল্যাণে সংস্থাটির সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কেয়ার প্রতিনিধিরা বাংলাদেশে তাঁদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং চলমান কর্মসূচিগুলোর সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ ও অঙ্গীকারের প্রশংসাও করেন তাঁরা।

উন্নয়নের হিসাবের বাইরে থাকবে না কেউ
দুটি পৃথক আয়োজনের আলোচনায় একটি বিষয় স্পষ্ট—নারী ও শিশুর উন্নয়নকে বিচ্ছিন্ন কোনো কর্মসূচি হিসেবে দেখতে চায় না সরকার। বাল্যবিবাহ প্রতিরোধের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে একই ধারায় যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে একদিকে যেমন পরিবার ও সমাজের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, অন্যদিকে দরকার মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতার পরিবেশ তৈরি করা।

এ কারণেই মন্ত্রীর বক্তব্যে বারবার এসেছে সমন্বিত উদ্যোগের কথা। আর কেয়ারের সঙ্গে আলোচনায় উঠে এসেছে উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার সম্ভাবনা।

বাল্যবিবাহের শিকার হওয়া একটি মেয়ের জীবনের গতিপথ বদলে যেতে পারে একটি সময়োপযোগী উদ্যোগে। আবার পরিবারের একজন নারীর হাতে অর্থনৈতিক সক্ষমতা তুলে দেওয়া বদলে দিতে পারে পুরো পরিবারের ভবিষ্যৎ। এই দুই বাস্তবতাকে সামনে রেখেই নারী ও শিশুর সুরক্ষা এবং ক্ষমতায়নের নতুন পথ তৈরির প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কালের আলো/এমএএএমকে

Link copied!