Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দফায় ১১২ জন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দফায় ১১২ জন

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেশটির উদ্দেশে যাত্রা করছেন। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাসিক বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তারা কাজ করবেন। নিয়োগকর্তা প্রতিষ্ঠান কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে।

তিনি জানান, কর্মীদের অভিবাসন ব্যয় সম্পূর্ণ শূন্য রাখা হয়েছে। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের পুরো খরচ দিচ্ছে নিয়োগকর্তা প্রতিষ্ঠান।

বোয়েসেলের হিসাব অনুযায়ী, প্রচলিত ব্যবস্থায় জনপ্রতি প্রায় দুই লাখ টাকা অভিবাসন ব্যয় হতো। সেই হিসাবে ১১২ জন কর্মীর মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা।

আবেদন ৪ হাজারের বেশি, লটারিতে প্রাথমিক বাছাই

কর্মী নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও দালালমুক্ত রাখতে অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৪ হাজার ৩৯ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, ১১২ জন কর্মী পাঠানোর মধ্য দিয়ে মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্য কর্মীদেরও পাঠানো হবে।

আড়াই বছর বন্ধ ছিল শ্রমবাজার

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগের পর ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী গিয়েছিলেন।

দীর্ঘদিনের বিরতির পর সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রমকে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!