শীতের সবজি বাজারে আসতে শুরু করায় দুই সপ্তাহ আগে কিছুটা কমেছিল দাম। এতে স্বস্তির আশা করেছিলেন ক্রেতারা। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে বিভিন্ন সবজির দাম। অন্যদিকে সরকার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করলেও খুচরা বাজারে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না। নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। খোলা পাম তেলেও নেওয়া হচ্ছে ৯ থেকে ১০ টাকা বাড়তি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজি, ভোজ্যতেল, মাছ ও মাংস—কোনো পণ্যের বাজারেই উল্লেখযোগ্য স্বস্তি নেই। সাপ্তাহিক বাজার করতে এসে বাড়তি দামের চাপে পড়ছেন ক্রেতারা।
নির্ধারিত দামের চেয়ে বেশি ভোজ্যতেল
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই ১৬৬ টাকা রাখা হয়েছে।
কিন্তু শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৯০ থেকে ১৯৬ টাকায়। খোলা পাম তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৭৫ টাকায়। অর্থাৎ নির্ধারিত দামের তুলনায় খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি ৮ টাকা এবং পাম তেলে ৯ থেকে ১০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। অবশ্য বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত ২০৭ টাকা দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদরের তথ্যেও ভোজ্যতেলের দাম বাড়ার চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ দশমিক ২৯ শতাংশ এবং বোতলজাত সয়াবিনের দাম ৭ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম তেলের দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ এবং পাম সুপারের দাম ১১ দশমিক ২৫ শতাংশ।
রাজধানীর কারওয়ান বাজারে ভোজ্যতেল কিনতে আসা আমান উল্লাহ বলেন, কয়েক বছর ধরেই সয়াবিন তেলের দাম বাড়ছে। বাজারে সঠিকভাবে নজরদারি করা দরকার। যারা নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পটোল বিক্রি হয়েছে ৮০ টাকায়। করলা ১০০ থেকে ১২০, টমেটো ১৪০ থেকে ১৬০, শিম ১০০ থেকে ১২০ এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হয়েছে। গোল বেগুনের দাম ছিল ১২০ টাকা। হাইব্রিড শসা ১০০ ও দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এ ছাড়া প্রতি কেজি মিষ্টিকুমড়া ৬০, মুলা ৬০, পেঁপে ৪০, কচু ১০০, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ এবং শালগম ৮০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচের কেজি ছিল ১০০ টাকা। মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৫০ এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি পিস লাউয়ের দাম ছিল ৯০ টাকা।
নয়াবাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ আল সাইদ বলেন, শীতের সবজি বাজারে উঠতে শুরু করেছে। দুই সপ্তাহ আগে দাম কিছুটা কমেছিল। এতে স্বস্তি ফেরার আশা করেছিলেন। কিন্তু শুক্রবার বাজারে এসে দেখেন, আবারও বেড়েছে অনেক সবজির দাম।
একই বাজারের বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে দাম বেড়েছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
মাছ-মাংস ও ডিমেও বাড়তি দাম
সবজির পাশাপাশি মাছের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হয়েছে ২৩০ টাকায়। চাষের কই ২৮০, বাইলা ৩২০, ছোট পাঙাশ ২০০ এবং বড় পাঙাশ ২৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আকারভেদে কাতলার দাম ছিল ৩০০ থেকে ৫০০ টাকা।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০ এবং পোয়া ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা। খাসির মাংস বিক্রি হয়েছে কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকায়।
অন্যদিকে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম খুচরা বাজারে ১৪০ টাকায় বিক্রি হলেও পাড়া-মহল্লার মুদি দোকানে দাম ছিল ১৪৫ টাকা। সব মিলিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন ক্রেতারা। একদিকে সবজির দাম বৃদ্ধি, অন্যদিকে নির্ধারিত মূল্যে ভোজ্যতেল না পাওয়ায় সাপ্তাহিক বাজারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
কালের আলো/এসএ/জেএন






-20261129135955.jpg)


-20261129134149.webp)




-20261126135523.jpg)




-20261126133922.jpg)
