Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১০:৪৭ এএম

তিন ধাপে ৯০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা কৃষি খাতে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ১০:৪৭ এএম

তিন ধাপে ৯০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা কৃষি খাতে

দেশের কৃষি খাতকে শুধু উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় রূপান্তর করতে বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে সংযোগ বাড়ানো, কৃষিসেবা ডিজিটাল করা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কার্যক্রমে পরিবর্তন আসতে পারে।

কৃষি খাতে সমন্বিত উদ্যোগ
দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ আসে কৃষি খাত থেকে। শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে গঠিত এ খাতে দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ নিয়োজিত। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তিও কৃষি।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন এবং কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্ত করার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পণ্যের গতিপথ অনুসরণ করা সহজ হবে।

প্রথম পর্যায়ে চার উপাদান
প্রস্তাবিত প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা করা হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদানের কার্যক্রম চূড়ান্ত করা হবে। এ জন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’। এ খাতে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংযোগ বাড়িয়ে উৎপাদন ও বিপণনব্যবস্থা জোরদার করা হবে।

দ্বিতীয় উপাদানে কৃষিসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তুলতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় উপাদানে খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পণ্যের মান ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ জোরদার করতে এ খাতে ৩ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।

চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। এ জন্য প্রস্তাবিত ব্যয় ২ কোটি ডলার।

চারটি উপাদান মিলিয়ে প্রথম পর্যায়ে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

বাস্তবায়নে যুক্ত থাকবে তিন অধিদপ্তর
প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানিয়েছেন, অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। ওই কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগের সুযোগ বাড়তে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত কাঠামো, অর্থায়ন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের কার্যকারিতার ওপরই এর সুফল নির্ভর করবে।

কালের আলো/এসএআর/জেএন

Link copied!